আমিরাতকে হারিয়ে অপেক্ষায় জিম্বাবুয়ে
এল্টন চিগুম্বুরার ঝড়ো অর্ধশতকের সুবাদে সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলার আশা বাঁচিয়ে রেখেছে জিম্বাবুয়ে।
প্রথম পর্বের ‘বি’ গ্রুপে ৩ ম্যাচ থেকে জিম্বাবুয়ের সংগ্রহ ৪ পয়েন্ট। আয়ারল্যান্ডের পয়েন্টও ৪, তবে একটি ম্যাচ কম খেলেছে তারা।নেট রান রেটে অবশ্য আইরিশদের (+০.৬৪) চেয়ে জিম্বাবুইয়ানরা (+০.৯৫) এগিয়ে। তাই নেদারল্যান্ডসের কাছে আয়ারল্যান্ড হেরে গেলে শ্রেয়তর রান রেট ‘সুপার টেন’-এ নিয়ে যাবে জিম্বাবুয়েকে।সিলেট বিভাগীয় স্টেডিয়ামে ১১৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৪ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া জিম্বাবুয়ের জয়ের নায়ক চিগুম্বুরা।মাত্র ২১ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৫৩ রান করে অপরাজিত ছিলেন এই অলরাউন্ডার।তিমাইসেন মারুমার (১৪ বলে অপরাজিত ২২) সঙ্গে চিগুম্বুরার ২৭ বলে ৫৫ রানের অবিচ্ছিন্ন জুটি ৩৮ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে দিয়েছে জিম্বাবুয়েকে।এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১১৬ রান করে আমিরাত।তৃতীয় উইকেটে ৫৮ রানের জুটি গড়া অধিনায়ক খুররাম খান (২৬) ও স্বপ্নীল পাতিল (৩০) ছাড়া আর কেউ তেমন সুবিধা করতে পারেননি।১৫ রানে ৩ উইকেট নিয়ে বাঁহাতি স্পিনার শন উইলিয়ামস জিম্বাবুয়ের সেরা বোলার।সংক্ষিপ্ত স্কোর:সংযুক্ত আরব আমিরাত: ২০ ওভারে ১১৬/৯ (আনওয়ার ৬, আসিফ ১, খুররাম ২৬, পাতিল ৩০, মুস্তফা ৪, আমজাদ ১, জাভেদ ৮, আহমেদ ০, সিলভা ১৩*, শাজাদ ২১, গুরুগে ১*; উইলিয়ামস ৩/১৫, সিকান্দার ২/১৫, চাতারা ২/২১)জিম্বাবুয়ে: ১৩.৪ ওভারে ১১৮/৫ (মাসাকাদজা ২, সিকান্দার ৯, টেইলর ১৫, উইলিয়ামস ০, সিবান্দা ১৬, চিগুম্বুরা ৫৩*, মারুমা ২২*; গুরুগে ২/১৮, খুররাম ১/৮, সিলভা ১/২০, আহমেদ ১/২৯)ম্যাচ সেরা: এল্টন চিগুম্বুরা।
