প্রথম টি-টোয়েন্টিতে ভারতের কাছে মেয়েদের হার
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতের কাছে ১৬ রানে হেরেছে বাংলাদেশের মেয়েরা।
কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে ১০১ রান তোলে ভারত। জবাবে ইনিংসের শেষ বলে অলআউট হওয়ার আগে ৮৫ রান করে বাংলাদেশ।
ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান লতিকা কুমারি শূন্য রানে আউট হলেও অধিনায়ক মিতালি রাজ ও পুনম রাউত আর বিপদ হতে দেননি। তাদের ৯৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে একশ' পার হয় অতিথিরা।
ভারতের একমাত্র উইকেটটি নেন জাহানারা আলম।
১০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্বাগতিকরা। সর্বোচ্চ ২১ রান করেন রুমানা আহমেদ। অধিনায়ক সালমা খাতুন ও সানজিদা ইসলাম ১৫ রান করে করেন।
শেষ ৪ ওভারে পাঁচ উইকেট হারানোয় শেষ পর্যন্ত পেরে উঠেনি বাংলাদেশ।
ম্যাচসেরা ভারতের শ্রাবন্তী কৃষ্ণমুর্তি ৯ রানে নেন ৪ উইকেট।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ দুটি ম্যাচ হবে মঙ্গল ও বৃহস্পতিবার।
