চেনা শ্রীলঙ্কার বিপক্ষে জেতার আশা এনামুলের
এশিয়া কাপের আগেই ঘরের মাঠে তিনটি সিরিজ খেলায় শ্রীলঙ্কা এখন চেনা প্রতিপক্ষ বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে গত ম্যাচে শতক হাকানো এনামুল হকের দৃঢ় বিশ্বাস, তিন বিভাগে ভালো করতে পারলে টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দলটির বিপক্ষে স্বাগতিকদের জেতার যথেষ্ট সম্ভাবনা থাকবে।
পাকিস্তানের বিপক্ষে শতকের পর এনামুলের উদযাপন। ছবি: আসাদুজ্জামান প্রামানিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পাকিস্তানের বিপক্ষে শতকের পর এনামুলের উদযাপন। ছবি: আসাদুজ্জামান প্রামানিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতকের পর দর্শক অভিনন্দনের জবাব দিচ্ছেন এনামুল ছবি: আসাদুজ্জামান প্রামানিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতকের পর দর্শক অভিনন্দনের জবাব দিচ্ছেন এনামুল ছবি: আসাদুজ্জামান প্রামানিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
শতক করার পর মাঠেই প্রতিপক্ষ খেলোয়াড়ের অভিনন্দন পেলেন এনামুল ছবি: আসাদুজ্জামান প্রামানিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম শতক করার পর মাঠেই প্রতিপক্ষ খেলোয়াড়ের অভিনন্দন পেলেন এনামুল ছবি: আসাদুজ্জামান প্রামানিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
বুধবার হোটেলে সাংবাদিকদের এনামুল বলেন, “ওদের সঙ্গে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলেছি। আমরা জানি মালিঙ্গা, সাঙ্গাকারারা কি করতে পারে। অবশ্যই ওরা সব দিক থেকে এগিয়ে। তবে তিন বিভাগে ভালো করতে পারলে অবশ্যই ওদের সঙ্গে ভালো কিছুই হবে।”
প্রতিটি ম্যাচেই স্বাগতিক ক্রিকেটাররা নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করেন জানিয়ে এনামুল বলেন, “প্রতি ম্যাচেই আমরা জেতার চেষ্টা করি। কখনো সফল হই, কখনো পারি না। আজও (বৃহস্পতিবার) জয়ের লক্ষ্যেই নামবো, আশা করি ফল আমাদের দিকে থাকবে।”
প্রথম শতকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলকে জয় এনে দিয়েছিলেন এনামুল। কিন্তু মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে শতক করেও হার এড়াতে পারেননি। দল জিতেনি তাই শতকটা উপভোগ করতে পারছেন না এই তরুণ।
“সব ব্যাটসম্যানের জন্যই সেঞ্চুরি একটা স্বপ্ন। পাকিস্তানের মতো বোলিং শক্তির বিপক্ষে এমন একটা শতক অনেক কিছু। ভেবেছিলাম এই শতকে দল জিতবে। কিন্তু তা না হওয়াতে খুব খারাপ লেগেছে।”
৩২৬ রান করেও হেরে যাওয়ার পর দলের অবস্থা সম্পর্কে এই উদ্বোধনী ব্যাটসম্যান বলেন, “দলের অবস্থা আগেও ভাল ছিল, এখনও তাই। বলবো না যে, এই ম্যাচের পর আমরা আরো উজ্জীবিত হয়ে গেছি। আগেও ভাল খেলার চেষ্টা করেছি, ঐ ম্যাচেও তাই। আগের ম্যাচগুলোতে হয়নি, ঐ ম্যাচে হয়েছিল এটাই পার্থক্য।”
টানা পাঁচ ম্যাচে উদ্বোধনী জুটির ব্যর্থতার পর নতুন পরিকল্পনা নিয়ে নেমেছিলেন জানিয়ে এনামুল বলেন, “নতুন বলে টিকে থাকার পরিকল্পনা ছিল। কারণ, এরপর ব্যাটিং কিছুটা সহজ হয়ে যায়। আশা করি, পরের ম্যাচেগুলোতে এভাবেই ব্যাটিং করতে পারবো।”
পাকিস্তানের দুই অফস্পিনার সাঈদ আজমল ও মোহাম্মদ হাফিজকে নিয়ে আলাদা পরিকল্পনা ছিল বাংলাদেশের। এনামুল জানান, “নতুন বলে হাফিজ সব সময় উইকেট পেয়ে যায়। তাই প্রান্ত বদলে খেলার পরিকল্পনা ছিল। আর আজমল তো বিশ্বের সেরা স্পিনার। তবে সাকিব ও মুশফিক তাদের বলে অসাধারণ খেলেছে।”
নিয়মিত সাফল্যের জন্য জয়ের অভ্যাস গড়ে তোলা জরুরি জানিয়ে এনামুল বলেন, “এই ক্ষেত্রে অভিজ্ঞতার অভাব এখনও আমাদের আছে। তাই হয়ত জয়ের সামনে থেকেও বারবার হেরে যাচ্ছি। তবে এখান থেকেও অনেক কিছু শেখার আছে।”
