পাকিস্তানকে হারাল বাংলাদেশের মেয়েরা
লতা মণ্ডল ও জাহানারা আলমের দারুণ বোলিংয়ে পাকিস্তান মহিলা ক্রিকেট দলকে ৪৩ রানে হারিয়েছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল।
কক্সবাজার শেখ জামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রথম আন্তর্জাতিক ম্যাচে পাওয়া এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। এটা ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের তৃতীয় ও পাকিস্তানের বিপক্ষে প্রথম জয়।বৃহস্পতিবার একই ভেন্যুতে হবে দ্বিতীয় ও শেষ ওয়ানডে।মঙ্গলবার টস হেরে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে ১৫২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।৩৩ রানে চার উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়া স্বাগতিক দলকে রক্ষা করেন রুমানা আহমেদ।লতার সঙ্গে ৩১ ও শায়লা শারমীনের (২২) সঙ্গে ৩৬ রানের দুটি জুটি গড়ে দলকে ৫ উইকেটে ১০০ রানে পৌঁছে দেন রুমানা। সর্বোচ্চ ৪৪ রান করা রুমানার ৭৫ বলের ইনিংসে ছিল ৫টি চার।এরপর নিয়মিত উইকেট হারালেও নুজহাত তাসনিয়ার দৃঢ়তায় দেড়শ’ পার হয় বাংলাদেশের সংগ্রহ।২৬ রানে ৩ উইকেট নিয়ে কানিতা জলিল পাকিস্তানের সেরা বোলার।জবাবে ৪৪.১ ওভারে ১০৯ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় লক্ষ্যের ধারে কাছে যেতে পারেনি অতিথিরা। ৬৩ রানে ৮ উইকেট হারানোর পর কিছুটা প্রতিরোধ গড়েছিলেন আসমাভিয়া ইকবাল। তবে ৮৬ বলে তার ৪০ রান পরাজয়ের ব্যবধানই কমিয়েছে কেবল।৩৫ রানে ৪ উইকেট বাংলাদেশের সেরা বোলার লতা। ম্যাচের সেরা খেলোয়াড়ও তিনি। ওয়ানডেতে স্বাগতিকদের তৃতীয় জয়ে পেসার জাহানারা আলমের অবদানও কম নয়। তার তিন উইকেটের পেছনে খরচ ২২ রান।
