২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যর্থতার বৃত্ত ভাঙতে চান মুশফিক

ব্যর্থতার বৃত্ত ভাঙ্গার আশাবাদ মুশফিকুর রহিমের। পাকিস্তানকে সমীহ করলেও তাই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2014, 03:36 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

বাংলাদেশের আফগান-লজ্জা

কোচ-অধিনায়কের সঙ্গে বিসিবি সভাপতির বৈঠক

ফিল্ডিং নিয়ে ফারুকের দুশ্চিন্তা

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

সোমবার অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, “আমাদের সামনে এখনো দুটি ম্যাচে ভালো খেলার সুযোগ আছে। তিন বিভাগে ভালো খেললে আমাদের জেতার ভালো সম্ভাবনা থাকবে।”

গত এশিয়া কাপে ফাইনালসহ পাকিস্তানের বিপক্ষে দু'টি ম্যাচে তীব্র লড়াই করে হার মেনেছিল বাংলাদেশ। অধিনায়ককে ছন্দে ফেরার স্বপ্ন দেখাচ্ছে সেই দুটি ম্যাচ।

“শেষবার পাকিস্তানের কাছে দুটি ম্যাচই একেবারে শেষ সময়ে হেরেছিলাম। যদিও এখন সেরা ক্রিকেট খেলতে পারছি না, ঘুরে দাঁড়াতে কিন্তু একটা জয়ই লাগে। প্রয়োজনের সময় সবাই নিজের সেরাটা খেললে জেতার ভালো সম্ভাবনা আছে।”

মুশফিক মনে করেন, পাকিস্তান কেন, যে কোনো দলের বিপক্ষে খেলাই এখন বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ।

“অবশ্যই আমাদের দুইশ' শতাংশ চেষ্টা করা উচিৎ। শেষ ম্যাচটা যে আমাদের ক্রিকেটের একটা বাজে দিন ছিল - এটা দেখানোর আরেকটা সুযোগ এই ম্যাচ।”

আফগানিস্তানের কাছে হারের পর রোববার মুশফিক ও কোচ শেন জার্গেনসেনের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। সেই বৈঠকের ব্যাপারে মুশফিক বলেন, “আমরা মাঠে খেলি অনেক সময় হয়তো সমস্যাটা আমাদের চোখে পড়ে না। বাইরে থেকে যারা দেখেন, তারা বুঝতে পারেন। সেগুলো নিয়েই কথা হয়েছে।”

“দল হিসেবে আমরা ভালো খেলছি না এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। ওয়ানডে একটা ভালো ইনিংসও কিন্তু সব ঠিক করে দিতে পারে। সবাই সেদিকে মনোযোগ দিচ্ছে। আশা করি কালকের ম্যাচে আমরা ভালো করতে পারবো,” যোগ করেন তিনি।

দলের খারাপ খেলার দায়টা নিজের কাঁধেই নিলেন মুশফিক।

“আমি মনে করবো, এই দায় আমার ও কোচের। ভালো হলে সবার ক্রেডিট আর খারাপ হলে তার দায় আমাদের। আমরা চেষ্টা করছি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হচ্ছে না। আমরা যদি যথেষ্ট ভালো না হই তা হলে দলের ১৫ জনই পরিবর্তন হতে পারে।”

ম্যাচ জিততে হলে খুব বেশি কিছু পরিবর্তনের প্রয়োজন নেই বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক।

“ব্যাটিং আর বোলিংয়ে মৌলিক জিনিসগুলো ঠিকঠাক করতে হবে। আর ফিল্ডিংয়ে ক্যাচগুলো ধরতে হবে।”