সাকিবকে ফিরে পেতে উদগ্রীব মুশফিক
অশোভন আচরণের দায়ে তিন ম্যাচ নিষিদ্ধ সাকিব আল হাসানের শাস্তির মেয়াদ কমানোর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসানকে অনুরোধ জানিয়েছেন জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম।
রোববার হোটেল সোনারগাঁওয়ে এশিয়া কাপ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, “এ নিয়ে আমরা পাপন ভাইয়ের (নাজমুল হাসান) সঙ্গে আলোচনা করেছি। তিন ম্যাচের শাস্তির মেয়াদ কমানোর জন্য তাকে অনুরোধও করেছি।”শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে চলার সময় অশোভন আচরণের দায়ে সাকিবকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা ছাড়াও তিন লাখ টাকা জরিমানা করেছে বিসিবি।সাকিবের অপরাধ যে শাস্তিযোগ্য, তা নিয়ে কোনো সন্দেহ নেই মুশফিকের। তবে তিনি দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য হওয়ায় শাস্তিটা কমানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক।“বোর্ডের সিদ্ধান্তকে আমরা সম্মান জানাই। তবে শাস্তি কমানোর সুযোগ থাকলে তা পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছি আমরা। তিন ম্যাচের শাস্তির মধ্যে এক ম্যাচ শেষ। সামনে আমাদের দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ। পাপন ভাই বলেছেন, শাস্তি কমানোর কোনো সম্ভাবনা থাকলে তিনি দেখবেন।”এশিয়া কাপে বাংলাদেশের প্রথম দুই প্রতিপক্ষ ভারত ও আফগানিস্তান। দুটো ম্যাচই হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে।মুশফিক মনে করেন, বাংলাদেশ দলের জন্য সাকিবের শাস্তি কমানো ভীষণ জরুরি।“সাকিবকে ফিরিয়ে আনার দায় কিন্তু আমার, কোচের বা মাশরাফি ভাইয়ের নেই। শুধু দলের কথা চিন্তা করে আমরা এই কাজটা করেছি। আমরা অনুরোধ করেছি। এখন সিদ্ধান্ত নেয়ার ভার বোর্ডের।”বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিবের অনুপস্থিতিতে একজন বাড়তি বোলার ও ব্যাটসম্যান খেলাতে হয় বাংলাদেশকে। তিনি থাকলে দলের সমন্বয় নিয়ে বাড়তি স্বাধীনতা পাওয়া যায় বলে সাকিবকে ফিরে পেতে ব্যগ্র মুশফিক।
