বাংলাদেশের মান বাঁচানোর লড়াই
গত অক্টোবর-নভেম্বরে নিউ জিল্যান্ডকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হারিয়ে সারা দেশে আনন্দের জোয়ার বইয়ে দিয়েছিল ক্রিকেট দল। অথচ এখন সেই বাংলাদেশের সামনেই ৩-০তে হারের আশঙ্কা। শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে তাই স্বাগতিকদের জন্য মান বাঁচানোর লড়াই।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে বেলা একটায়।তৃতীয় ওয়ানডের আগে একটা দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। অশোভন আচরণের দায়ে তিন ম্যাচ নিষিদ্ধ হওয়ায় শনিবার খেলতে পারবেন না দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।সামনে দুটো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এশিয়া কাপ। ১৬ মার্চ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই দুটো টুর্নামেন্টের আগে শনিবারের ম্যাচটা তাই বাংলাদেশের জন্য আত্মবিশ্বাস ফিরে পাওয়ার শেষ সুযোগ।দুটি টি-টোয়েন্টিতে জিততে-জিততেও শেষ বলের লড়াইয়ে হেরে গেছে মুশফিকুর রহিমের দল। প্রথম ওয়ানডেতে ৬৭ রানে প্রতিপক্ষের ৮ উইকেট ফেলে দিয়েও জিততে পারেনি। দ্বিতীয় ওয়ানডে অবশ্য কুমার সাঙ্গাকারার দুর্দান্ত শতকের সুবাদে সহজেই জিতেছে অতিথিরা।বাংলাদেশের টানা ব্যর্থতার অন্যতম কারণ বাজে ফিল্ডিং। প্রত্যেক ম্যাচেই একাধিক ক্যাচ ফেলেছেন ফিল্ডাররা। স্বাগতিকদের জন্য এটা বড় দুশ্চিন্তা।শনিবার বাংলাদেশ দলে কয়েকটি পরিবর্তন আসতে পারে। ঘাড়ের ব্যথা থেকে সেরে উঠে খেলতে পারেন তামিম ইকবাল। অন্যদিকে বিশ্রাম দেয়া হতে পারে মাশরাফি বিন মুর্তজাকে।শফিউল ইসলাম ও নাঈম ইসলামের ফেরা প্রায় নিশ্চিত। খেলতে পারেন প্রথম ম্যাচে অভিষিক্ত আল-আমিন হোসেনও।সিরিজ জয় নিশ্চিত করে ফেলা শ্রীলঙ্কা দলেও একাধিক পরিবর্তন আসছেই। চোটের কারণে দেশে ফিরে গেছেন তিলকরত্নে দিলশান। ব্যক্তিগত কারণে দেশে গেছেন সাঙ্গাকারাও।
