২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় লিগে তৈয়বুরের দ্বি-শতক

তৈয়বুর পারভেজের দ্বি-শতকের সুবাদে জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে রাজশাহীর বিপক্ষে রানের পাহাড় গড়েছে ঢাকা। দ্বিতীয় দিন শেষে তাদের স্কোর ৬৬২/৪।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2014, 07:31 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

বিকেএসপির চার নম্বর মাঠে তৃতীয় উইকেটে রকিবুল হাসানের (৪১) সঙ্গে ৭৩ এবং পঞ্চম উইকেটে নাদিফ চৌধুরীর (৭১) সঙ্গে ১৫৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে বিশাল সংগ্রহ এনে দিয়েছেন তৈয়বুর।

দিন শেষে তৈয়বুর ২০৪ রানে অপরাজিত। ৩৪০ বলের চমৎকার ইনিংসটা সাজানো ২০টি চারে।

১৫৫ রান নিয়ে ব্যাট করতে নামা আব্দুল মজিদের ব্যাট থেকে এসেছে ১৮২ রান। ৩০৬ বলের ইনিংসটিতে ছিল ২৩টি চার ও একটি ছক্কা।

১৪৭ রানে দুই উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার সাকলাইন সজীব।

ঢাকা মেট্রো-রংপুর

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ফলো-অনে পড়েছে ঢাকা মেট্রো। রংপুরের ২৪০ রানের জবাবে প্রথম ইনিংসে মাত্র ৪৮ রানে অলআউট হয়ে গেছে তারা।

২৪ রানে পাঁচ উইকেট নিয়ে ঢাকা মেট্রোর প্রধান ‘হন্তারক’ বাঁহাতি পেসার সাজেদুল ইসলাম। ২০ রানে চার উইকেট নিয়েছেন শুভাশিস রায়।

তবে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে ঢাকা মেট্রো। চার উইকেটে ২৬০ রান করে দিন শেষ করা ঢাকা মেট্রো এগিয়ে আছে ৬৮ রানে।

৯৪ রান নিয়ে ব্যাট করছেন আগের রাউন্ডে দ্বি-শতক করা আসিফ আহমেদ।

বরিশাল-চট্টগ্রাম

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বরিশালকে ১৯৭ রানে অলআউট করেও স্বস্তিতে নেই স্বাগতিক দল।

চট্টগ্রামের প্রথম ইনিংস শেষ হয়ে গেছে ১৭৯ রানে। সর্বোচ্চ ৫৮ রান করেছেন ইরফান শুকুর।

২৭ রানে ৬ উইকেট নিয়ে বরিশালের সফলতম বোলার বাঁহাতি স্পিনার মনির হোসেন।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে বরিশালের সংগ্রহ পাঁচ উইকেটে ১৩৫ রান। সব মিলিয়ে ১৫৩ রানে এগিয়ে আছে তারা।

খুলনা-সিলেট

সিলেট জেলা স্টেডিয়ামে হারের শঙ্কায় স্বাগতিক দল।

সিলেটের ১২৩ রানের জবাবে জিয়াউর রহমানের শতকের সুবাদে ৩৫২ রানে প্রথম ইনিংস শেষ করেছে বর্তমান চ্যাম্পিয়ন খুলনা।

২১০ বলে ১৬৭ রান করা জিয়ার অধিনায়কোচিত ইনিংসে ছিল ১৩টি বিশাল ছক্কা ও ৯টি চার।

৮৫ রানে পাঁচ উইকেট নিয়ে সিলেটের সেরা বোলার বাঁহাতি স্পিনার নাবিল সামাদ। আরেক বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র ১২৭ রানে চার উইকেট নিয়েছেন।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে সিলেটের স্কোর ১২৬/৩। ইনিংস হার এড়াতে আরো ১০৩ রান প্রয়োজন তাদের।