শনিবার থেকে ইউসিবিতে এশিয়া কাপের টিকেট
আগামী শনিবার থেকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবি) এশিয়া কাপ ক্রিকেটের টিকেট বিক্রি শুরু হবে।
২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এশিয়ার সেরা ক্রিকেট প্রতিযোগিতাটির সর্বনিম্ন টিকেটের মূল্য ২০০ টাকা। তবে এর সঙ্গে ১৫ শতাংশ ভ্যাটও থাকছে।অনলাইন ও ইউক্যাশের মাধ্যমে টিকেট কেনা যাবে। ম্যাচের আগের দিন ঢাকায় ইউসিবির মিরপুর, ধানমণ্ডি, বিজয়নগর ও বসুন্ধরা শাখায় এবং নারায়ণগঞ্জের সদর, চাষাঢ়া ও পাগলা বাজার শাখায় টিকেট পাওয়া যাবে।অনলাইন ও ইউক্যাশের মাধ্যমে বুকিং দিলেও টিকেট সংগ্রহ করতে হবে এই সাতটি শাখা থেকেই।সোমবার এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গণমাধ্যম ও যোগাযোগ কমিটির সভাপতি জালাল ইউনুস, মার্কেটিং কমিটির সভাপতি কাজী এনাম আহমেদ এবং ইউসিবির কর্মকর্তারা।এবারের এশিয়া কাপে পাঁচটি দেশ অংশ নেবে। উদ্বোধনী ম্যাচসহ প্রথম পাঁচটি ম্যাচ হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। ৮ মার্চের ফাইনালসহ পরের ছয়টি ম্যাচের ভেন্যু মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।২৫ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান ও টুর্নামেন্টের চারবারের শিরোপাজয়ী শ্রীলঙ্কা।পরের দিন স্বাগতিক ও গতবারের রানার্স-আপ বাংলাদেশের প্রতিপক্ষ এশিয়া কাপে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত।প্রতিযোগিতার পঞ্চম দল আফগানিস্তান।
