২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজেদের ফাঁদে নিউ জিল্যান্ড

ভারতের ব্যাটসম্যানদের দুর্বলতার সুযোগ নিতে ওয়েলিংটনেও পেস সহায়ক উইকেট চেয়েছিলেন নিউ জিল্যান্ড অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালাম। কিন্তু সবুজ উইকেটে উল্টো ভারতের দুই পেসার ইশান্ত শর্মা আর মোহাম্মদ সামির বোলিং তোপে প্রথম ইনিংসে মাত্র ১৯২ রানে অল-আউট হয়ে গেছে স্বাগতিকরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2014, 12:28 PM

Updated : 13 Oct 2022, 11:49 AM

পুরনো খবর:

ভারতকে হারিয়ে এগিয়ে গেল নিউ জিল্যান্ড

শুক্রবার প্রথম দিন শেষে ২ উইকেট হারিয়ে ১০০ রান তুলে নিয়েছে ভারত; আট উইকেট হাতে নিয়ে এখন তারা পিছিয়ে আছে ৯২ রানে।

ওয়েলিংটনের বেসিন রিজার্ভের সবুজ ও শক্ত উইকেটে টসে জিতলে যে কেউই ফিল্ডিং বেছে নিতেন; ভারত অধিনায়ক এমএস ধোনি এ নিয়ে কোনো ভুল করেননি।

তবে কোনো বিপদ ছাড়াই প্রথম নয় ওভার কাটিয়ে দিয়েছিলেন হামিশ রাদারফোর্ড ও পিটার ফুলটন। কিন্তু ম্যাচের দশম ও ইশান্তের দ্বিতীয় ওভারে বাউন্সার ঠিকমতো খেলতে না পেরে স্লিপে ধরা পড়েন রাদারফোর্ড। পরের ওভারে ফুলটনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলার পর নিজের চতুর্থ ওভারে অভিষিক্ত টম ল্যাথামকে শূন্য রানে কটবিহাইন্ড করেন ইশান্ত।

দলীয় ৪৫ রানে সামির বলে জাদেজার হাতে ধরা পড়েন অধিনায়ক ম্যাককালাম।

দ্বিতীয় স্পেলে বল করতে এসে ইশান্ত পর পর দুই ওভারে কোরি অ্যান্ডারসন আর বিজে ওয়াটলিংকে ফিরিয়ে দিলে ৮৬ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে নিউ জিল্যান্ড। এরপর অভিষিক্ত জিমি নিশামের (৩৩) সঙ্গে কেন উইলিয়ামসনের ৪৭ রানের জুটিতে কিছুটা প্রতিরোধ গড়ে তোলে স্বাগতিকরা।

নিউ জিল্যান্ড ইনিংসের সর্বোচ্চ রান করা উইলিয়ামসনকে (৪৭) ফিরিয়ে দেন সামি। এরপর নিশাম ও টিম সাউদি মেরে খেললেও দলীয় ইনিংস ২০০ পার করতে পারেননি।

চা বিরতির পর কিছুটা প্রতিরোধ গড়া টিম সাউদিকে (৩২) ফিরিয়ে নিজের ষষ্ঠ উইকেটটি পান ইশান্ত। এ ইনিংসের ৫১/৬ তার ক্যারিয়ার সেরা বোলিং। সামি ৭০ রান দিয়ে পান বাকি চারটি উইকেট।

ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই টিম সাউদির বলে উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন মুরালি বিজয়। এরপর ট্রেন্ট বোল্টের বলে চেতশ্বর পুজারা এলবিডব্লিউ হলেও, শিখর ধাওয়ানের অপরাজিত ৭১ রানে দিনের খেলা শেষ হওয়ার আগে তিন অঙ্কে পৌঁছায় ভারত।

অকল্যান্ডে প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা।