ওয়েলিংটনে অভিষেক হচ্ছে ল্যাথাম, নিশামের
ভারতের বিপক্ষে ওয়েলিংটনে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে নিউ জিল্যান্ড দলে অভিষেক হতে যাচ্ছে ব্যাটসম্যান টম ল্যাথাম ও অল-রাউন্ডার জিমি নিশামের।
অকল্যান্ডে ৪০ রানে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা নিউ জিল্যান্ডের সামনে রয়েছে সিরিজ জয়ের হাতছানি।
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্পিনার ইশ সোধি খেললেও দুই ইনিংসেই উইকেটশূন্য ছিলেন তিনি। তাছাড়া ওয়েলিংটনের সবুজ পিচে একজন পেসার বেশি নিয়ে খেলাটাই যোক্তিক মনে করছে কিউই শিবির। তাই সোধির জায়গায় ডাক পেয়েছেন নিশাম।
এ প্রসঙ্গে স্বাগতিক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, “নিশামের ব্যাটিং আমাদের জন্য বোনাস। বল করতে পারার কারণেই মুলত দলে এসেছে সে।”
আর অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলরের জায়গায় খেলবেন ল্যাথাম। দ্বিতীয় সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছেন টেইলর।
অকল্যান্ড টেস্টের আগে রাত তিনটা পর্যন্ত পানশালায় গিয়ে মদ্যপান করার শাস্তি হিসেবে দ্বিতীয় জেসি রাইডার ও ডাগ ব্রেসওয়েল বাদ পড়ায় ডাক পেয়েছিলেন নিশাম ও ল্যাথাম।
টেইলরকে ছাড়া নিউ জিল্যান্ড দল কিছুটা শক্তি হারালেও ভারতের জন্য আরো কঠিন পরীক্ষা হয়ত অপেক্ষা করছে। কারণ গত ডিসেম্বরে ওয়েলিংটনের এই বেসিন রিজার্ভেই ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ৭৩ রানে হারিয়েছিল কিউইরা। এবারের পিচ নাকি আরো সবুজ, জানালেন ম্যাককালাম।
“সবুজের পাশাপাশি এটা আরো শক্তও দেখাচ্ছে। আশা করি, এখানে বলের গতি ও বাউন্স আরেকটু বেশি থাকবে।”
পানশালায় যাওয়ার শাস্তি পেলেন রাইডার
রাইডারদের শাস্তিতে কপাল খুললো নিশাম, ল্যাথামের
