২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শন মার্শের রাজসিক প্রত্যাবর্তন

দুই বছর পর টেস্ট খেলতে নেমেই অস্ট্রেলিয়ার পরিত্রাতা শন মার্শ। তার শতক ও স্টিভেন স্মিথের শতকের কাছাকাছি ইনিংসের সুবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে শুরুর বিপদ কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। বুধবার প্রথম দিন শেষে অতিথিদের স্কোর ২৯৭/৪।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2014, 01:36 AM

Updated : 22 Aug 2022, 05:42 PM

টেস্টে দ্বিতীয় শতকের দেখা পাওয়া মার্শ ১২২ রানে অপরাজিত। অন্যপ্রান্তে ৯১ রান নিয়ে ব্যাট করা স্মিথ চতুর্থ টেস্ট শতকের অপেক্ষায়। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে দুজনের অবদান ১৯৯ রান।

অ্যাশেজে ইংল্যান্ডকে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত করার অনুপ্রেরণা নিয়ে সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে টস হেরে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া দলীয় ২৪ রানেই হারিয়ে ফেলে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে।

প্রথমে ডেভিড ওয়ার্নারকে বোল্ড করেন ডেল স্টেইন। এরপর মর্নে মরকেলের বলে শর্ট লেগে ক্যাচ দেন ক্রিস রজার্স।

অভিষিক্ত অ্যালেক্স ডুলানকে নিয়ে শুরুর বিপদ কাটিয়ে ওঠার চেষ্টা করছিলেন মার্শ। কিন্তু তৃতীয় উইকেট জুটিতে ৪৮ রান ওঠার পর রায়ান ম্যাকলারেনের বলে মিডউইকেটে ক্যাচ দেন ডুলান। জীবনের প্রথম টেস্ট ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ২৭ রান।

অধিনায়ক মাইকেল ক্লার্ক বেশিক্ষণ টিকতে পারেননি। ২৩ রান করে স্টেইনের দ্বিতীয় শিকারে পরিণত হয়েছেন তিনি। ৯৮ রানে ৪ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া তখন ভীষণ অস্বস্তিতে।

তবে মার্শ আর স্মিথের দৃঢ়তায় অস্বস্তি দূর হতে সময় লাগেনি। ব্যক্তিগত ১২ রানে গালিতে হাশিম আমলাকে কঠিন ক্যাচ দিয়ে বেঁচে যাওয়ার পর আর পেছনে ফিরে তাকাননি অস্ট্রেলিয়ার সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান ও কোচ জিওফ মার্শের পুত্র।

মার্শের ২৩২ বলের চমৎকার ইনিংস ১২টি চারে সাজানো। স্মিথের ১৭৮ বলের ইনিংসেও ১২টি চার।

অথচ এই টেস্ট খেলা তো দূরের কথা, বাঁহাতি ব্যাটসম্যান মার্শের এখন অস্ট্রেলিয়ায় থাকার কথা ছিল। প্রথমে টেস্ট দলে থাকলেও পায়ের পেশির চোটের কারণে তাকে বাদ দেয়া হয়। কিন্তু দ্রুত সেরে ওঠায় গত রোববার দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে যোগ দেন তিনি।

তারপরও হয়তো সুযোগ হতো না প্রথম একাদশে থাকার। তবে শেন ওয়াটসনের চোট কপাল খুলে দিয়েছে ২০১২ সালের জানুয়ারিতে ভারতের বিপক্ষে অ্যাডিলেড টেস্টের পর টেস্ট দল থেকে বাদ পড়ে যাওয়া মার্শের।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ২৯৭/৪ (রজার্স ৪, ওয়ার্নার ১২, ডুলান ২৭, মার্শ ১২২*, ক্লার্ক ২৩, স্মিথ ৯১*; স্টেইন ২/৫৪, ম্যাকলারেন ১/৫৩, মরকেল ১/৫৬)।