২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার লক্ষ্য ৫০০ রান

শ্রীলঙ্কার সহ-অধিনায়ক দীনেশ চান্দিমাল জানিয়েছেন, চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে অন্তত ৫০০ রান করতে চান তারা।

অনীক মিশকাত অনীক মিশকাত

চট্টগ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2014, 08:13 PM

Updated : 13 Oct 2022, 11:48 AM

প্রথম দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ৩১৪ রান। অতিথিদের অন্যতম সেরা ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা অপরাজিত আছেন ১৬০ রানে।

মঙ্গলবার প্রথম দিনের খেলা শেষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে চান্দিমাল বলেন, “আরো অন্তত ২০০ রান করার লক্ষ্য আমাদের। তবে এই পিচে ব্যাট করা সহজ নয়। আমরা সাঙ্গাকারার দিকে তাকিয়ে অছি। কিথুরুয়ান (ভিথানাগে) আর দিলরুয়ানের (পেরেরা) মতো দুজন ভালো ব্যাটসম্যানও আছে আমাদের।”

চট্টগ্রামের পিচের সঙ্গে শ্রীলঙ্কার গল আন্তর্জাতিক স্টেডিয়ামের অনেক মিল খুঁজে পাচ্ছেন চান্দিমাল। যে কারণে তার কাছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামকে ঘরের মাঠ বলে মনে হচ্ছে।

“গল আর এখানকার কন্ডিশন প্রায় একই রকম, পিচও অভিন্ন। এই পিচে ব্যাট করা সহজ নয়। বল এখানে খুব ধীরে আসে। তবে সেট হয়ে গেলে একজন ব্যাটসম্যানের লম্বা ইনিংস খেলা উচিৎ। যেটা সাঙ্গাকারা করেছে।”

শেষ বিকেলে সাকিব আল হাসানের ঘূর্ণিতে প্রলুব্ধ হয়ে উচ্চাভিলাষী শট খেলতে গিয়ে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ও চান্দিমালের বিদায়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। বাজে শট খেলে আউট হওয়ায় নিজেদেরই দুষছেন মিডল অর্ডার ব্যাটসম্যান চান্দিমাল।

এই টেস্টে বাংলাদেশ মাত্র একজন পেসার নিয়ে খেলছে বলে ভীষণ অবাক শ্রীলঙ্কা দল। চান্দিমাল বলেন, “টেস্টে পিচ বা কন্ডিশন যেমনই হোক, সাধারণত একটি দল দুজন করে পেসার নিয়ে খেলে। আমার মনে হয়, এখানে পেসারদের বলে রান করা বেশ কঠিন হবে।”