২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাথিউসের আরো ভালোর অনুপ্রেরণা ঢাকার বড় জয়

ঢাকা টেস্টে বিশাল জয় চট্টগ্রামে আরো ভালো খেলার অনুপ্রেরণা যোগাচ্ছে শ্রীলঙ্কাকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2014, 04:44 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার শুরু হবে দ্বিতীয় টেস্ট। বাংলাদেশে আগের দুই সিরিজে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। এবারো তার ধারাবাহিকতা ধরে রাখতে চান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস।

সোমবার দলের অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ইনিংস ও ২৪৮ রানের জয় আমাদের জন্য একটি বড় অনুপ্রেরণা। সবাই অপেক্ষা করছে পরের টেস্টের জন্য। আশা করি সেখানে আমরা আরো ভালো খেলবো।”

বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিমের মতো ম্যাথিউসও মনে করেন, দ্বিতীয় টেস্টে খেলোয়াড়দের 'মেন্টাল অ্যাপ্রোচ' খুব গুরুত্বপূর্ণ।

“প্রথম টেস্টের মতো খেলতে পারলে সম্ভবত আমরা জিতবো। তবে এটা নতুন উইকেট, নতুন ম্যাচ এবং ওরা জয়ের জন্য খেলবে।”

টেস্টের শুরুর দিকে ব্যাটসম্যানরা সহায়তা পেলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উইকেট মন্থর হয়ে যেতে পারে বলে মনে করেন ম্যাথিউস। তবে শ্রীলঙ্কা নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলার চেষ্টা করবে বলে জানান তিনি।

প্রথম টেস্টে আশাতীত সহজ জয়ের পরও ম্যাথিউসের ধারণা দ্বিতীয় টেস্টে লড়াই করতে পারে বাংলাদেশ।

“বাংলাদেশের হারানোর কিছু নেই। ওরা দৃঢ়ভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। আমাদের সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। এটা ওদের নিজেদের কন্ডিশন। আর ওরা ঘরের মাঠে ভালো খেলে। ওদের কাছ থেকে শক্ত চ্যালেঞ্জ আসবে ধারণা করছি।”