ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সামনে থাকছেন মুশফিক
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দিতে চান অধিনায়ক মুশফিকুর রহিম।
সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম: ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম: ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
অনুশীলনে বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অনুশীলনে বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
কঠোর অনুশীলনে বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কঠোর অনুশীলনে বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
মিরপুর টেস্টে কিপিংয়ে ব্যর্থ ছিলেন মুশফিক। সেই ব্যর্থতা ঝেড়ে ফেলে চট্টগ্রাম টেস্টে স্বরূপে ফিরতে চান তিনি।
মঙ্গলবার থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী শুরু হবে দ্বিতীয় টেস্ট। তার আগের দিন সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, “আমার জন্যও এটি পয়মন্ত মাঠ। আমি দলের অন্যতম সিনিয়র খেলোয়াড়, তাই এখন পারফর্ম করা আরো জরুরি। চেষ্টা করবো, সামনে থেকে নেতৃত্ব দেয়ার।”
৩৭ টেস্ট খেলা মুশফিকের ক্যারিয়ার গড় ৩২। কিন্তু চট্টগ্রামে ৮ টেস্টে ১টি শতক ও ৫টি অর্ধশতকে ৫০.২১ গড়ে ৭০৩ রান করেছেন তিনি।
অতিথিদের সঙ্গে স্বাগতিকদের শক্তির পার্থক্য খুব একটা বেশি নয়। কিন্তু প্রথম ম্যাচে সে হিসেবে মেলেনি।
“আমাদের শেষ খেলা দেখে মনে হতে পারে শক্তির পার্থক্য অনেক বেশি, আসলে তা নয়। মিরপুর টেস্ট ছিল একটা বাজে ম্যাচ। চট্টগ্রামে আমাদের রেকর্ড ভালো। আমরা সবাই আত্মবিশ্বাসী, আশা করছি ঘুরে দাঁড়াতে পারবো।”
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ তিনটি টেস্টের দুটিতেই ড্র করেছে বাংলাদেশ।
কঠোর অনুশীলনে মুশফিকুর।
ইনিংস ও ২৪৮ রানে হারের ধাক্কা কাটানো সহজ নয়। মুশফিকের বিশ্বাস, লড়াইয়ের জন্য মানসিকতার একটু পরিবর্তন দরকার স্বাগতিকদের।
“এখন জানি, ওরা কি কৌশল নেবে বা নিতে পারে। প্রথম টেস্টে আমরা তা দেখেছি। সে অনুযায়ী আমরা পরিকল্পনা নিয়েছি। এটা কাজে লাগাতে পারলে আশা করি, এই টেস্টে আরো ভালো ফলাফল হবে।”
ঢাকা থেকে চট্টগ্রামে একটু ভিন্ন উইকেট আশা করছেন জানিয়ে মুশফিক বলেন, “এই উইকেটে হয়তো লো বাউন্স হবে। এখানে ‘ডাক’ করা একটু কঠিন হতে পারে। যারা পারে, তারা নিয়ন্ত্রনের ভেতর পুল শট খেলতে পারে। এই বার্তা সবাইকে দিয়েছি।”
প্রথম টেস্টে শ্রীলঙ্কার ৬ উইকেটের বেশি নিতে না পারলেও মুশফিক মনে করেন প্রতিপক্ষের ২০ উইকেট নেয়ার সামর্থ্য তার বোলারদের রয়েছে।
“ওদের সামর্থ্য রয়েছে। কিন্তু তার জন্য ক্যাচগুলো তো ধরতে হবে। সুযোগগুলো কাজে লাগাতে হবে। আমাদের ফিল্ডিংটা খুব গুরুত্বপূর্ণ হবে এই সিরিজে। ওদের কয়েকজন প্লেয়ার আছে যারা খুব একটা সুযোগ দেয় না।”
