চট্টগ্রাম টেস্ট হালকাভাবে নিচ্ছে না শ্রীলঙ্কা
ঢাকায় বিশাল জয়ের পরও আত্মতুষ্টিতে ভুগছে না শ্রীলঙ্কা। বরং মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া টেস্টের জন্য সর্বোচ্চ প্রস্তুতিই নিয়ে রাখছে তারা।
রোববার দ্বিতীয় টেস্টের ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম দিনের অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের অন্যতম ব্যাটিং ভরসা কুমার সাঙ্গাকারা।
“আমরা প্রাথমিক কাজগুলো ভালোভাবে করতে পেরেছি এবং সুশৃংঙ্খল ছিলাম। বিশেষ করে মাহেলা (জয়াবর্ধনে), কৌশল (সিলভা) ও কিথুরুয়ান (ভিথানাগে) অসাধারণ ব্যাটিং করেছে। ম্যাচের দিন সকালে প্রসন্ন জয়াবর্ধনের জায়গায় দলে এসে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন কিথুরুয়ান।”
প্রথম টেস্টে ইনিংস ও ২৪৮ রানের বড় জয়ের পরও দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের কোনো ছাড় দেবে না শ্রীলঙ্কা। আবারো খাটো লেন্থের বল দিয়ে স্বাগতিদের বিধ্বস্ত করার পরিকল্পনা উড়িয়ে দিচ্ছেন না তিনি।
“এক কৌশল বারবার কাজে লাগানো কঠিন। এই উইকেট ভিন্ন রকমের মনে হচ্ছে। তবে এখানেও খাটো লেন্থের বল কার্যকরী হতে পারে। তবে সঠিক জায়গায় বল ফেলতে হবে। আর নির্দিষ্ট কোনো কৌশল থাকলে নিশ্চিত করতে হবে যে, বোলাররা কৌশল এবং ফিল্ডিং অনুযায়ী বল করছে।”
সময়টা ভালো যাচ্ছে না শ্রীলঙ্কার সহ-অধিনায়ক দীনেশ চান্দিমালের। রানে ফিরতে তাকে পরিকল্পনা অনুযায়ী ব্যাট করার পরামর্শ দিয়েছেন সাঙ্গাকারা
“বোলার অনুযায়ী মানিয়ে নিতে হবে। উইকেটে টার্ন থাকলে প্রতিটি বল ভিন্ন আচরণ করতে পারে এটা বুঝতে হবে। ব্যাপার হচ্ছে মনযোগ না হারানো।”
প্রথম টেস্টে দু'বারই ব্যর্থ হওয়া স্বাগতিক ব্যাটসম্যানদেরও কাজে লাগতে পারে সাঙ্গাকারার এই পরামর্শ।
মিরপুরে স্বাগতিকরা প্রতিটি বিভাগে ব্যর্থ হলেও সাঙ্গাকারা মনে করছেন দ্বিতীয় টেস্টে প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারে বাংলাদেশ।
“বাংলাদেশ সব সময় আমাদের বিপক্ষে লড়াই করে। ওরা শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ লড়ে হেরেছিল, ওয়ানডে সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছিল। আমরা যতটা ভেবেছিলাম, প্রথম ম্যাচ তার চেয়ে সহজ ছিল। তবে এখানে ভিন্ন কিছুর প্রত্যাশা আমাদের।”
তিন নম্বরে সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান সাঙ্গাকারা দীর্ঘদিন উইকেটরক্ষক ও অধিনায়কের দায়িত্বও পালন করেছেন।
