নিজেদেরই দুষলেন মুশফিক
প্রথম টেস্টে শ্রীলঙ্কার কাছে প্রায় সাড়ে তিন দিনে এক ইনিংস ও ২৪৮ রানে শোচনীয় হারের পর মুশফিকুর রহিমের কাঠগড়ায় উঠেছে দলের ব্যাটিং ও ফিল্ডিং। উইকেটরক্ষক হিসেবে তিনি নিজে ও উদ্বোধনী ব্যাটসম্যান সহ-অধিনায়ক তামিম ইকবালও ভুল করেছেন বলে স্বীকার করলেন বাংলাদেশের অধিনায়ক।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শেষে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, “আমাদের বোলিং খুব একটা খারাপ হয়নি। কিন্তু ফিল্ডিং, বিশেষ করে ক্যাচিং মোটেও ভালো হয়নি। আর আমাদের ব্যাটিং ছিল ভীষণ হতাশাজনক। আমাদের অ্যাপ্লিকেশনে ভুল ছিল।”“আমি ব্যাটিং নিয়ে একটু চিন্তিত। এক ইনিংসে ধস নামতে পারে। কিন্তু টানা দুই ইনিংসে ধস নামা মেনে নেয়া যায় না। আমরা নিজেরাই খেলাটাকে কঠিন করে ফেলেছি”, নিজেদের ব্যাটিং নিয়ে মূল্যায়ন অধিনায়কের।চাহিদা অনুযায়ীই উইকেট পেয়েছিলেন বলে জানান মুশফিক। কিন্তু নিজেদের ব্যর্থতায় সুবিধা কাজে লাগাতে না পারার হতাশা তার কণ্ঠে।“এই উইকেটে ব্যাটসম্যানরা ভুল না করলে আউট করা কঠিন। আমাদের আউটের ধরণগুলো মনে হয় সংশোধন করা দরকার। নিজেদের ভুল আর প্রতিপক্ষ থেকে শিক্ষা নেয়া যায়। মনে হয় এই জায়গাটায় আমরা একটু পিছিয়ে আছি।”তিনি আরো বলেন, “কোন্ পরিস্থিতিতে কীভাবে খেলতে হয়, তা ব্যাটসম্যানদের নিজেদেরই শিখতে হবে। এটা কাউকে বার-বার বলে দিয়ে হয় না। এটা ব্যর্থতা, আমাদের জন্য একটা সতর্কবার্তা।”সহ-অধিনায়ক তামিম ইকবালের আউটের ধরণ নিয়ে সমালোচনা করেছেন অধিনায়কও। তিনি বলেন, “প্রত্যেকে নিজের স্বাভাবিক খেলাই খেলবে। কিন্তু কখনো-কখনো পরিস্থিতি অনুযায়ী খেলতে হয়। গতকাল (বুধবার) আমরা ৮ (আসলে ৯) ওভার ব্যাট করার সুযোগ পেয়েছি। ও (তামিম) এমন একটা শট না খেললে আজ আমরা ১০ উইকেট হাতে নিয়ে নামতে পারতাম। ও দল নিয়ে আরেকটু ভাবলে এগুলো শোধরাতে পারবে।”উইকেটের পেছনে গ্লাভস হাতে মুশফিক নিজেও তিনটি সহজ ক্যাচ ছেড়েছেন। যা নিয়ে তিনি ভীষণ হতাশ। সুযোগগুলো কাজে লাগাতে পারলে শ্রীলঙ্কা এত বড় ‘লিড’ পেত না। অধিনায়কের বিশ্বাস, সেক্ষেত্রে ম্যাচটার গতিপ্রকৃতি ভিন্ন হতে পারতো।“প্রথম ক্যাচটা ছাড়ার পর কৌশল (সিলভা) যখন শতক পেল, খুব খারাপ লেগেছিল। নিজেই দলকে পেছনে ফেলে দিলাম বলে মনে হচ্ছিল। প্রথম ভুলটা নিয়ে বেশি আচ্ছন্ন থাকায় পরের ভুলগুলো হয়ে গেছে।”প্রথম টেস্টে বিধ্বস্ত হলেও ৪ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী মুশফিক।“এই হার ভীষণ হতাশাজনক। গত দেড় বছর ধরে আমরা ধারাবাহিকভাবে ভালো খেলছিলাম। যদিও এই ম্যাচে আমার মনে হয়নি সবাই লড়াই করার মতো প্রস্তুত। তবে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আমি আশাবাদী।”অবশ্য প্রথম টেস্টে বিশাল হারকে ছন্দপতন হিসেবেই দেখছেন বাংলাদেশের অধিনায়ক। তিনি মনে করেন, এক সঙ্গে অনেক ভুল করার কারণে এই ব্যর্থতা।“এটা আমাদের জন্য জেগে ওঠার একটা বার্তা। আমাদের কাউকে প্রমাণ করার কিছু নেই। তবে ভালো দলের বিপক্ষে ভালো খেলার একটা চ্যালেঞ্জ তো ছিলই। কিন্তু প্রথম টেস্টে আমরা তা পারিনি।”মুশফিকের মতে, বাংলাদেশের উন্নতির অনেক জায়গা আছে। দ্বিতীয় টেস্টের প্রস্তুতির জন্য তিন দিন সময় পাচ্ছে স্বাগতিক দল। এই সময়কে যথেষ্ট মনে না করলেও ছোট-ছোট ভুলগুলো শুধরে আরো প্রস্তুত হয়ে মাঠে নামার ব্যাপারে তিনি আশাবাদী।“চট্টগ্রামে আমাদের রেকর্ড ভালো। চেষ্টা করবো ভালো প্রস্তুতি নেয়ার। আমাদের অ্যাপ্লিকেশনে কিছু ভুল ছিল। চেষ্টা করছি সেগুলো যত দ্রুত সম্ভব শুধরে নেয়ার। আমরা ভালো দল হলেও খুব দ্রুত শেখার মতো ভালো দল হয়ে বোধহয় উঠতে পারিনি।”“আশা করি চট্টগ্রাম টেস্টে সবাই আরো দায়িত্ব নিয়ে খেলবে। প্রত্যেকে আরেকটু দায়িত্ব নিয়ে খেললে আমার জন্য কাজটা সহজ হয়ে যায়। আমরা সব সময় দেশের জন্য, মানুষের জন্য খেলি। আশা করি পরের ম্যাচে আমরা এর চেয়ে ভালো খেলবো।”
