২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার সেই 'শোচনীয়' হার

শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টে মান বাঁচানোর লড়াইয়েও হার মেনেছে বাংলাদেশ। দুই ইনিংসেই ব্যাটসম্যানদের ব্যর্থতায় মিরপুরে প্রথম টেস্টে বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

অনীক মিশকাত অনীক মিশকাত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2014, 09:45 AM

Updated : 13 Oct 2022, 11:47 AM

পুরনো খবর:

জয়াবর্ধনের দ্বি-শতকে শ্রীলঙ্কার রানের পাহাড়

স্বাগতিকদের টেস্টের চতুর্থ দিন ইনিংস ও ২৪৮ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে শ্রীলঙ্কা।

১৫ টেস্টে বাংলাদেশের বিপক্ষে এটি ইনিংস ব্যবধানে শ্রীলঙ্কার অষ্টম জয়। বাংলাদেশের বিপক্ষে এটি তাদের সবচেয়ে বড় জয়ও। এর আগে ইনিংস ও ২৩৪ রানে জিতেছিল শ্রীলঙ্কা।

টেস্টে ইনিংস ব্যবধানের দিক থেকে নিজেদের চতুর্থ বৃহৎ হারের স্বাদ পাওয়া বাংলাদেশ দিনের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। দ্বিতীয় ইনিংসে মাত্র ৫১ ওভার ৫ বল টিকে মুশফিক বাহিনী। প্রথম ইনিংসে তারা এর চেয়ে বেশি খেলেছিল ১২ ওভার।

বৃহস্পতিবার ১ উইকেটে ৩৫ রান নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। প্রথম সেশনেই বাংলাদেশ হারায় ৫ উইকেট। মধ্যাহ্ন বিরতির পরে যায় বাকি ৪ উইকেট। প্রথম ইনিংসে ২৩২ রান করার পর দ্বিতীয় ইনিংসে ২৫০ পর্যন্ত গেছে স্বাগতিকদের ইনিংস।

৪৬৩ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনের খেলা শুরু করে দ্বিতীয় বলেই সামিন্দা এরাঙ্গার বলে উইকেটরক্ষক দীনেশ চান্দিমালের হাতে ধরা পড়েন উদ্বোধনী ব্যাটসম্যান শামসুর রহমান। বাড়তি বাউন্স ঠিকমতো সামলাতে না পেরে আউট হয়েছেন তিনি।

এরপর সুরঙ্গা লাকমালের আরেকটি খাটো লেন্থের বল ঠিকমতো খেলতে না পেরে শর্ট লেগে কৌশল সিলভার হাতে ধরা পড়েন মার্শাল আইয়ুব। তখন ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৫০ রান।

মুমিনুল হকের সঙ্গে ৫২ রানের জুটি গড়ে দলের সংগ্রহ একশ' পার হওয়ার পর বিদায় নেন বাংলাদেশের অন্যতম ব্যাটিং ভরসা সাকিব আল হাসান (২৫)। দিলরুয়ান পেরেরার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি।

অর্ধশতকে পৌঁছেই বিদায় নেন বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল (৫০)। সাকিবের মতো তিনিও পেরেরার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন।

মধ্যাহ্ন-বিরতির আগে শেষ ওভারে রঙ্গনা হেরাথের বলে বোল্ড হয়ে দলের বিপদ আরো বাড়ান অধিনায়ক মুশফিকুর রহিম (১৪)। তখনই বাংলাদেশের ইনিংস হার নিশ্চিত হয়ে যায়।

১৫০ রানে প্রথম ছয় ব্যাটসম্যানের বিদায়ে ভীষণ বিপদে পড়া বাংলাদেশ মান বাঁচাতে তাকিয়ে ছিল নাসির হোসেনের দিকে। নবম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ২৯ রান করেছেন নাসির।

আগের দিন সংবাদ সম্মেলনে সতর্ক ব্যাটিংয়ের কথা বলেছিলেন সোহাগ গাজী। তবে মোটেও তেমন ব্যাট করতে পারেননি তিনি। ১৯ বলে দুটি করে ছক্কা ও চারের সাহায্যে ২৩ রান করে বিদায় নেন তিনি।

দশম উইকেটে আল-আমিন হোসেন (অপরাজিত ৩২) ও রুবেল হোসেনের (১৭) ৫৩ রানের জুটির সৌজন্যে স্বাগতিকদের ‘শোচনীয়’ পরাজয়ের ক্ষণটকুই কেবল পিছিয়েছে।

১০৯ রানে ৫ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সেরা বোলার দিলরুয়ান পেরেরা।

আগের দিন ম্যাচ সেরা মাহেলা জয়াবর্ধনের অপরাজিত দ্বি-শতকের সুবাদে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে বিশাল সংগ্রহ গড়ে শ্রীলঙ্কা। সাবেক অধিনায়কের সঙ্গে নবাগত কিথুরুয়ান ভিথানাগেও শতকের আনন্দে ভেসে যাওয়ায় ৬ উইকেটে ৭৩০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে অতিথিরা।

এর আগে ২০১১ সালে চট্টগ্রাম টেস্টে পাকিস্তানের কাছে শেষবার ইনিংস ব্যবধানে হারের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। আর সর্বশেষ ২০০৫ সালে এর চেয়ে বড় ব্যবধানে হেরেছিল তারা - লর্ডসে ইংল্যান্ডের কাছে ইনিংস ও ২৬১ রানে।

বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানে হার এসেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২০০২ সালে ঢাকা টেস্টে অতিথিদের কাছে ইনিংস ও ৩১০ রানে হেরেছিল বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২৩২ (মুশফিক ৬১, সাকিব ৫৫, সোহাগ ৪২; এরাঙ্গা ৪/৪৯, লাকমল ৩/৬৬, হেরাথ ২/৫০) ও ২৫০ (তামিম ১১, শামসুর ৯, মার্শাল ১৮, মুমিনুল ৫০, সাকিব ২৫, মুশফিক ১৪, নাসির ২৯, সোহাগ ২৩, রবিউল ১, রুবেল ১৭, আল-আমিন ৩২*; পেরেরা ৫/১০৯, লাকমল ৩/৩৯, এরাঙ্গা ১/২৬, হেরাথ ১/৪৭)

শ্রীলঙ্কা: ৭৩০/৬ ডিক্লে. (জয়াবর্ধনে ২০৩*, সিলভা ১৩৯, ভিতানাগে ১০৩* ম্যাথিউস ৮৬, সাঙ্গাকারা ৭৫; সাকিব ৩/১৫৯)

ম্যাচ সেরা: মাহেলা জয়াবর্ধনে।

ইনিংস ব্যবধানে বাংলাদেশের সর্বোচ্চ পাঁচ হার:

বিপক্ষ দল

ব্যবধান

ভেন্যু

তারিখ

ওয়েস্ট ইন্ডিজ

ইনিংস ও ৩১০ রান

ঢাকা

৮ ডিসেম্বর ২০০২

পাকিস্তান

ইনিংস ও ২৬৪ রান

মুলতান

২৯ অগাস্ট ২০০১

ইংল্যান্ড

ইনিংস ও ২৬১ রান

লর্ডস

২৬ মে ২০০৫

শ্রীলঙ্কা

ইনিংস ও ২৪৮ রান

ঢাকা

২৭ জানুয়ারি ২০১৪

ভারত

ইনিংস ও ২৩৯ রান

ঢাকা

২৫ মে ২০০৭