অবশেষে অস্ট্রেলিয়ায় ইংল্যান্ডের জয়
অস্ট্রেলিয়া সফরে অবশেষে জয়ের দেখা পেয়েছে ইংল্যান্ড। চতুর্থ ওয়ানডেতে স্বাগতিকদের ৫৭ রানে হারিয়েছে অ্যালেস্টার কুকের দল।
ইংল্যান্ডের করা ৮ উইকেটে ৩১৬ রানের জবাবে ৪৭ ওভার ৪ বলে ২৫৯ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।হেরে গেলেও অস্ট্রেলিয়ার তেমন কোনো ক্ষতি হয়নি। কারণ প্রথম তিন ম্যাচ জিতে আগেই পাঁচ ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করেছে তারা।তবে অ্যাশেজে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত হওয়া ইংল্যান্ডকে এই জয় কিছুটা হলেও স্বস্তি দেবে। এবারের অস্ট্রেলিয়া সফরে এটা তাদের মাত্র দ্বিতীয় জয়। প্রথম জয়টা ছিল চার দিনের প্রস্তুতি ম্যাচে।শুক্রবার পার্থের ওয়াকায় টস হেরে ব্যাট করতে নেমে অধিনায়ক কুক (৪৪) ও ইয়ান বেলের (৫৫) ৮৭ রানের উদ্বোধনী জুটি বড় ইনিংসের ভিত গড়ে দেয় অতিথিদের।এরপর বেন স্টোকসের ৮৪ বলে ৭০ রানের দায়িত্বশীল এবং জস বাটলারের মাত্র ৪৩ বলে ছয়টি চার ও চারটি ছক্কাসমৃদ্ধ ৭১ রানের আক্রমণাত্মক ইনিংস তিন শ’র ওপরে নিয়ে যায় ইংল্যান্ডকে।চার উইকেট নিলেও সেজন্য পেসার জেমস ফকনারের খরচ ৬৭ রান। অস্ট্রেলিয়ার অ্যাশেজ জয়ের নায়ক জনসন ছিলেন সম্পূর্ণ ব্যর্থ। ১০ ওভারে ৭২ রান দিয়ে কোনো উইকেট পাননি এই বাঁহাতি পেসার।জবাবে উদ্বোধনী ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ শতক করলেও অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় লক্ষ্যের কাছাকাছিও যেতে পারেনি অস্ট্রেলিয়া। ১১১ বলে আটটি চার ও চারটি ছক্কায় ১০৮ রান করেন ফিঞ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান গ্লেন ম্যাক্সওয়েলের।ব্যাটিংয়ের পর বল হাতেও জ্বলে উঠে ৩৮ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন স্টোকস।সংক্ষিপ্ত স্কোর:ইংল্যান্ড: ৫০ ওভারে ৩১৬/৮ (কুক ৪৪, বেল ৫৫, স্টোকস ৭০, ব্যালান্স ১৮, মর্গ্যান ৩৩, বোপারা ৩, বাটলার ৭১, ব্রেসনান ২, ব্রড ৪*, জর্ডান ০*; ফকনার ৪/৬৭, ক্রিস্টিয়ান ১/১৫, ম্যাক্সওয়েল ১/৩৭, কোল্টার-নাইল ১/৬২, প্যাটিনসন ১/৬৩)অস্ট্রেলিয়া: ৪৭.৪ ওভারে ২৫৯ (মার্শ ১৫, ফিঞ্চ ১০৮, ওয়েড ২৩, বেইলি ১১, স্মিথ ১৯, ম্যাক্সওয়েল ২৬, ক্রিস্টিয়ান ২৩, ফকনার ২, জনসন ৬, কোল্টার-নাইল ৮*, প্যাটিনসন ৪; স্টোকস ৪/৩৮, ব্রেসনান ৩/৪৫, ব্রড ২/৫৬, বোপারা ১/৩২)ম্যাচ সেরা: বেন স্টোকস।
