বাংলাদেশ সফর নিশ্চিত করলো শ্রীলঙ্কা বোর্ড
বাংলাদেশ সফরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আগেই সন্তুষ্ট হয়েছিল শ্রীলঙ্কার প্রতিনিধিরা। এবার তাদের ক্রিকেট বোর্ড থেকে বাংলাদেশ সফর নিশ্চিত করা হয়েছে।
শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সম্পাদক নিশান্থা রানাতুঙ্গা সোমবার জানান নির্ধারিত সময়েই বাংলাদেশ সফর শুরু হবে।
গত সপ্তাহে এসএলসির দুই সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছিল। তারা চার সপ্তাহের সফর স্থগিত করার মতো কোনো কারণ পাননি জানিয়ে রানাতুঙ্গা বলেন, “আমরা যে প্রতিবেদন পেয়েছি, তাতে আমরা মনে করি, আমাদের খেলোয়াড়দের যেতে দেয়া নিরাপদ হবে।”
অবশ্য কখনোই বাংলাদেশে না যাওয়ার সিদ্ধান্ত ছিল না জানিয়ে রানাতুঙ্গা বলেন, "ওদের (বাংলাদেশ) প্রতিশ্রুতি এবং নিরাপত্তা পরিকল্পনায় আমরা খুশি।"
সফরের জন্য এখনো এসএলসি নির্বাহী কমিটির আনুষ্ঠানিক সম্মতি প্রয়োজন হবে। আগামী কিছুদিনে বাংলাদেশের পরিস্থিতির নাটকীয় পরিবর্তন না হলে রানাতুঙ্গার ভাষায়, সেটা হবে শুধুই আনুষ্ঠানিকতা।
দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দু'টি টি-টোয়েন্টি খেলতে ২৪ জানুয়ারি বাংলাদেশে পৌঁছানোর কথা শ্রীলঙ্কার।
রানাতুঙ্গা বলেন, “বাংলাদেশের মানুষ ক্রিকেটপাগল। সম্ভব হলে অবশ্যই সেখানে খেলা উচিৎ।”
শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের সিরিজ দিয়ে বাংলাদেশের ব্যস্ত সূচি শুরু হবে। দ্বি-পাক্ষিক সিরিজ শেষে ভারত, পাকিস্তান ও আফগানিস্তানকে নিয়ে এশিয়া কাপে খেলবে দুই দল। এশিয়া কাপ শেষে দেশের তিনটি ভেন্যুতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
বাংলাদেশ সফর নিয়ে দুশ্চিন্তায় শ্রীলঙ্কা
শ্রীলঙ্কার রাষ্ট্রদূতকে আশ্বস্ত করলো বিসিবি
বাংলাদেশে নিরাপত্তা নিয়ে ফের উদ্বেগ পিসিবির
শ্রীলঙ্কার বাংলাদেশ সফর অনেকখানি নিশ্চিত
বাংলাদেশের নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট শ্রীলঙ্কা
