রান তাড়া করে পাকিস্তানের অসাধারণ জয়
শারজা টেস্টে আজহার আলীর অনবদ্য শতকে শেষ দুই সেশনে ৩০২ রানের লক্ষ্য তাড়া করে শ্রীলঙ্কাকে হারিয়েছে পাকিস্তান। ৫ উইকেটের এই জয়ে তিন ম্যাচের সিরিজও ১-১ সমতায় শেষ হলো।
শারজা টেস্টে আজহার আলীর অনবদ্য শতকে শ্রীলঙ্কাকে হারিয়েছে পাকিস্তান। (ফাইল ছবি) শারজা টেস্টে আজহার আলীর অনবদ্য শতকে শ্রীলঙ্কাকে হারিয়েছে পাকিস্তান। (ফাইল ছবি)
সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে অসাধারণ জয়ে অবদান রাখেন মিসবাহ উল হক। (ফাইল ছবি) সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে অসাধারণ জয়ে অবদান রাখেন মিসবাহ উল হক। (ফাইল ছবি)
চতুর্থ দিনের খেলা শেষে শারজা টেস্টে ছিল রোমাঞ্চকর সমাপ্তির প্রতিশ্রুতি। সোমবার হতাশ হতে হয়নি ক্রিকেট ভক্তদের। টেস্ট ক্রিকেটের বিজ্ঞাপন হয়ে থাকা ম্যাচটি পাকিস্তান জিতেছে মাত্র ৯ বল বাকি থাকতে।
দুই সেশনে ৫৯ ওভারে জয়ের জন্য ৩০২ রানের প্রয়োজনীয়তার সামনে ছিল পাকিস্তান। পঞ্চম শতক পাওয়া আজহারের (১০৩) সঙ্গে মিসবাহ-উল-হকের ১০৯ রানের জুটিতে পাকিস্তানের জয়ের ভিত গড়ে উঠে।
অধিনায়ক মিসবাহর অবদানও কম নয়। ৬৮ রানে অপরাজিত ডানহাতি এই ব্যাটসম্যানের ব্যাট থেকেই আসে জয়সূচক রান।
প্রথম দুই টেস্টে দলে জায়গা হয়নি আজহারের। তৃতীয় টেস্টে ফিরে তিনিই দলের ত্রাতা। ম্যাচ সেরা আজহারের ১৩৭ বলের ইনিংসে ছিল ৬টি চার। তার বিদায়ের সময় আর মাত্র ৭ রান প্রয়োজন ছিল পাকিস্তানের।
আহমেদ শেহজাদ (২১), খুররম মনজুর (২১) ও ইউনুস খান (২৯) দুই অঙ্কের ঘরে পৌঁছালেও চা-বিরতিতে যাওয়ার আগে ১০৭ রানেই ৩ উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়ে পাকিস্তান।
পঞ্চম দিনের শেষ সেশনে ৩৫ ওভারে ১৯৫ রানের দুরূহ লক্ষ্য ছিল পাকিস্তানের সামনে। সরফরাজ আহমেদের (৪৮) সঙ্গে আজহারের ১৪.৫ ওভার স্থায়ী ৮৯ রানের জুটির চাপে রক্ষণাত্মক হয়ে পড়ে শ্রীলঙ্কা।
সরফরাজের বিদায়ের সময়ও পাকিস্তানের প্রয়োজন ছিল ১১৬ রান। মিসবাহ-আজহারের দৃঢ়তায় দ্বিতীয়বারের মতো তিনশ’ রানের বড় লক্ষ্য তাড়া করে জয়ের কৃতিত্ব দেখায় পাকিস্তান। এর আগে ১৯৯৪ সালে করাচিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩১৪ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল দলটি।
দুবাইয়ে দ্বিতীয় টেস্ট শ্রীলঙ্কা জেতে নয় উইকেটে। আবু ধাবিতে প্রথম টেস্ট ছিল অমীমাংসিত।
এর আগে ৫ উইকেটে ১৩৩ রান নিয়ে খেলা শুরু করে ২১৪ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ৮৭ রানের লিড নেয়া শ্রীলঙ্কা দুইশ' পার হয় প্রসন্ন জয়াবর্ধনের (৪৯) দৃঢ়তায়।
৬ উইকেটে ২০৩ রানে পৌঁছে যাওয়া শ্রীলঙ্কা শেষ ৪ উইকেট হারায় মাত্র ১১ রানে।
৫৬ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার আব্দুর রেহমান। সাঈদ আজমল ও মোহাম্মদ তালহা তিনটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ৪২৮/৯ ডিক্লে. (পেরেরা ৯৫, ম্যাথিউস ৯১, সাঙ্গাকারা ৫২; জুনায়েদ ৩/৮১, তালহা ৩/৯৯) ও ২১৪ (করুনারত্নে ৮, সিলভা ৩৬, সাঙ্গাকারা ৮, জয়াবর্ধনে ৪৬, চান্দিমাল ১৩, ম্যাথিউস ৩১, প্রসন্ন ৪৯, পেরেরা ৮, হেরাথ ০, এরাঙ্গা ৩, লাকমাল ২*; রেহমান ৪/৫৬, আজমল ৩/৫৩, তালহা ৩/৬৫)
পাকিস্তান: ৩৪১ (শেহজাদ ১৪৭, মিসবাহ ৬৩, মনজুর ৫২; হেরাথ ৫/১২৫, এরাঙ্গা ৪/৬০) ও ৩০২/৫ (মানজুর ২১, শেহজাদ ২১, আজহার ১০৩, ইউনুস ২৯, সরফরাজ ৪৮, মিসবাহ ৬৮*, শফিক ১*; লাকমাল ৩/৭৯, ম্যাথিউস ১/৪৮, এরাঙ্গা ১/৬৮)
ম্যাচ সেরা: আজহার আলী।
সিরিজ সেরা: অ্যাঞ্জেলো ম্যাথিউস।
