২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম টি-টোয়েন্টিতে নিউ জিল্যান্ডের সহজ জয়

প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৮১ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে নিউ জিল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2014, 04:23 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

শনিবার অকল্যান্ডের ইডেন পার্কে টসে জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৮৯ রান করে নিউ জিল্যান্ড।

মার্টিন গাপটিল (১৬ বলে ২৫) ও জেসি রাইডারের (১৪ বলে ২২) আক্রমণাত্মক সূচনার পরও নবম ওভারে ৬৬ রানে প্রথম তিন ব্যাটসম্যানকে হারিয়ে ফেলে নিউ জিল্যান্ড।

সেখান থেকে কলিন মানরোর (১২ বলে ২২) সঙ্গে ৩৭ ও লুক রনকির সঙ্গে অবিচ্ছিন্ন ৮৫ রানের দুটি চমৎকার জুটি উপহার দিয়ে দলকে দুশ' রানের কাছাকাছি নিয়ে যান অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।

৬০ রানে অপরাজিত থাকা ব্রেন্ডনের ৪৫ বলের ইনিংসে ছিল ৪টি ছক্কা ও ২টি চার। মাত্র ২৫ বলে ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪৮ রানে অপরাজিত থাকেন ম্যাচ সেরা রনকি।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে টিনো বেস্ট ৪০ রানে ৩ উইকেট নেন।

জবাবে ৮ উইকেটে ১০৮ রানের বেশি করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।

পঞ্চম ওভারেই ৩১ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানের বিদায়ে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ভালো হয়নি। তিন থেকে ছয় নম্বর ব্যাটসম্যানকে সাজঘরে ফেরত পাঠিয়ে অতিথিদের মূল ‘হন্তারক’ অফস্পিনার নাথান ম্যাককালাম।

২৪ রানে ৪ উইকেট নেয়া নাথানের শিকার সর্বোচ্চ ২৩ রান করা আন্দ্রে ফ্লেচার, কাইরন পাওয়েল (১২), অধিনায়ক ডোয়াইন ব্রাভো (১০) ও আন্দ্রে রাসেল (০)।

১৪তম ওভারে ৭৭ রানে ৮ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়া ওয়েস্ট ইন্ডিজ একশ' পার হয় নিকিতা মিলার ও স্যামুয়েল বদ্রির দৃঢ়তায়।

নিউ জিল্যান্ডের জেমস নিশাম ১৬ রানে নেন ৩ উইকেট নেন।

বুধবার ওয়েলিংটনে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি হবে।