দুবাই টেস্টে নিষ্পত্তির সম্ভাবনা
পাকিস্তান ও শ্রীলঙ্কার প্রথম টেস্টের শুরুটা আশা জাগানিয়া হলেও শেষে হয়েছিল নিষ্প্রাণ ড্র। তবে দ্বিতীয় টেস্টে স্পিনাররা সুবিধা পেতে পারেন, তাই ফলাফলের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।
বুধবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। এই ভেন্যুতে শেষ টেস্টে দুই দলের প্রথম ইনিংসের ২০ উইকেটের ১২টিই নিয়েছিলেন স্পিনাররা।প্রথম টেস্টে দুই দলের সেরা দুই বোলার সাঈদ আজমল ও রঙ্গনা হেরাথকে খুব সহজেই সামলেছেন ব্যাটসম্যানরা; তাই কেউই হারেনি। তবে দুবাইয়ের রেকর্ড নিষ্পত্তির পক্ষে, শেষ পাঁচ টেস্টের চারটিতেই ফল এসেছে।
আজমলকে ৪৯ ওভার উইকেটশূন্য রাখা শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা একটু এগিয়েই থাকবেন। করুনারত্নে ও মাহেলা জয়াবর্ধনে ছাড়া আর সব বিশেষজ্ঞ ব্যাটসম্যানই প্রথম টেস্টে অন্তত অর্ধশতক পেয়েছেন।উদ্বোধনী জুটিতেই সমস্যা রয়েছে পাকিস্তানের। তিন-চার ও পাঁচ নম্বরে মোহাম্মদ হাফিজ, ইউনুস খান ও মিসবাহ-উল-হক অবশ্য নির্ভরতা যোগাচ্ছেন দলকে।শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক সময়ে খুব একটা সাফল্য পাচ্ছে না পাকিস্তান। তাদের বিপক্ষে শেষ ১২ ম্যাচে তাদের জয় মাত্র একটি। আর সেই জয়টি এসেছিল দুবাইতেই, ২০১১ সালে।
