জাতীয় লিগের আগে হচ্ছে বিসিএল
ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক প্রথম শ্রেণীর ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় আসর শুরু হচ্ছে ১২ জানুয়ারি।
সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে জানায়, ১২ থেকে ২১ জানুয়ারির ভেতর চার দলের টুর্নামেন্টের প্রথম দু’টি পর্ব অনুষ্ঠিত হবে।এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ঘরোয়া সিরিজ, এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বিসিএলের খেলা বন্ধ থাকবে। জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে তৃতীয় রাউন্ড ও ফাইনাল সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে।চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে জাতীয় লিগ শুরু করতে পারছে না বিসিবি।বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী বলেন, “গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টে নির্বাচিত ক্রিকেটাররা অংশ নেবে। ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিরা সর্বোচ্চ সংখ্যক জাতীয় খেলোয়াড়ের অংশগ্রহণ নিশ্চিতের অনুরোধ জানিয়েছেন।”শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্টে সিরিজের আগে ক্রিকেটারদের বড় দৈর্ঘ্যের ম্যাচ খেলার সুযোগ করে দিতে এবার জাতীয় লিগের আগেই হচ্ছে বিসিএল। টুর্নামেন্টের বিস্তারিত সূচি শিগগির প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিসিবি।জাতীয় লিগের সেরা খেলোয়াড়দের নিয়ে গত মৌসুমে চারটি দল গঠন করা হয়েছিল। টুর্নামেন্টের প্রথম আসরে অংশ নিয়েছিল ওয়ালটন সেন্ট্রাল জোন, প্রাইম ব্যাঙ্ক সাউথ জোন, ইসলামী ব্যাঙ্ক ইস্ট জোন ও বিসিবি নর্থ জোন।
