২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছোটোদের এশিয়া কাপের শিরোপা ভারতের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তানকে ৪০ রানে হারিয়ে শিরোপা জিতেছে ভারতের তরুণ ক্রিকেটাররা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2014, 11:36 AM

Updated : 22 Aug 2022, 05:27 PM

শনিবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৩১৪ রান করে ভারত।

ভারতের পক্ষে ঠিক ১০০ রান করে আসে অধিনায়ক বিজয় জুল ও সঞ্জু স্যামসনের ব্যাট থেকে। ম্যাচ সেরা বিজয়ের ১২০ বলের ইনিংসে ছিল ৭টি চার ও ২টি ছক্কা। স্যামসনের ৮৭ বলের ইনিংসটি সাজানো ৮টি চার ও ৪টি ছক্কার সাহায্যে।

পাকিস্তানের পক্ষে জিয়া-উল-হক, জাফর গওহর ও কারামত আলী দুটি করে উইকেট নেন।

জবাবে কামরান গুলামের ১০২ রানের পরও ৯ উইকেটে ২৭৪ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। কামরানের ৮৯ বলের ইনিংসে ছিল ১২টি চার।

দ্বিতীয় সর্বোচ্চ ৮৭ রান আসে পাকিস্তানের অধিনায়ক সামি আসলামের ব্যাট থেকে। তার ৯৬ বলের ইনিংসে ছিল ১০টি চার।

ভারতের কুলদীপ যাদব ৩ উইকেট নেন ৭৪ রানে।

গ্রুপ পর্যায়ে মালয়শিয়া ও আফগানিস্তানকে হারালেও শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে যায় বাংলাদেশ।

শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সমান পয়েন্ট হলেও নেট রান রেটে পিছিয়ে পড়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় বাংলাদেশের তরুণদের।