২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের দুটো টুর্নামেন্ট আয়োজনে আগ্রহী শ্রীলঙ্কা

চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ থেকে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেয়া হলে দুটো টুর্নামেন্টই আয়োজন করার আগ্রহ প্রকাশ করেছে শ্রীলঙ্কা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2014, 09:51 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ এশিয়া কাপ এবং ১৬ মার্চ থেকে ৬ এপ্রিল টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে।বাংলাদেশের আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত। এত বড় দুটো টুর্নামেন্টের আয়োজন এবং অতিথি দলগুলোর নিরাপত্তা নিয়ে ক্রিকেট-বিশ্বের অনেকেই উৎকণ্ঠিত।তবে এখনো এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেয়ার চিন্তা-ভাবনা করেনি।

তবে সেটা হলে নিজেদের দাবি আগে-ভাগে জানিয়ে রেখে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের (এসএলসি) সচিব নিশান্থা রানাতুঙ্গা বলেন, “এসিসি অন্য কোনো ভেন্যুতে সরিয়ে নিতে চাইলে আমরা এশিয়া কাপ আয়োজনে প্রস্তুত। অল্প সময়ের নোটিশে এমন একটা টুর্নামেন্ট আয়োজনের জন্য মাঠ ও প্রয়োজনীয় অবকাঠামো আমাদের আছে। অনুরোধ করলে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতেও আমরা প্রস্তুত।”

দুটি টেস্ট, দুটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে খেলতে আগামী ২৪ জানুয়ারি বাংলাদেশ সফরে আসার কথা শ্রীলঙ্কা দলের।

কিন্তু বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা দুশ্চিন্তায় ফেলে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনকে। সফর বাতিল করে ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ-১৯ দল দেশে ফিরে যাওয়ার পর বাংলাদেশ সফর নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে শ্রীলঙ্কা। কয়েক দিন আগে আশঙ্কা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি)।

নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে গত ৮ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলকে বাংলাদেশ সফর বাতিল করার নির্দেশ দেয় দেশটির ক্রিকেট বোর্ড।