২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সঠিক সময়ে মধুর সমাপ্তি ক্যালিসের

টেস্ট ক্যারিয়ারে এর চেয়ে মধুর সমাপ্তি আর কি হতে পারে? দলের জয়ে অবদান রেখেছেন দারুণ এক শতক করে। পাশাপাশি মোট রান সংগ্রাহকের তালিকায় উঠে এসেছেন তিন নম্বরে। ২০০তম ক্যাচও নিয়েছেন বিদায়ী ম্যাচে। সবমিলিয়ে ভক্তদের আফসোসও বাড়িয়েছেন- আরো কিছুদিন কি খেলতে পারতেন না জ্যাক ক্যালিস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2013, 04:46 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচে শতরানের অনবদ্য ইনিংস খেলে আউট হন জ্যাক ক্যালিস। প্যাভিলিয়নে ফেরার পথে সতীর্থের মাথায় চুমু দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ। ছবি: রয়টার্স টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচে শতরানের অনবদ্য ইনিংস খেলে আউট হন জ্যাক ক্যালিস। প্যাভিলিয়নে ফেরার পথে সতীর্থের মাথায় চুমু দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ। ছবি: রয়টার্স

ডারবানে জীবনের শেষ টেস্টের প্রথম ইনিংসে শতরানের ইনিংস গড়ে ব্যাট উঁচু করে প্যাভিলিয়নে ফিরছেন জ্যাক ক্যালিস। ছবি: রয়টার্স ডারবানে জীবনের শেষ টেস্টের প্রথম ইনিংসে শতরানের ইনিংস গড়ে ব্যাট উঁচু করে প্যাভিলিয়নে ফিরছেন জ্যাক ক্যালিস। ছবি: রয়টার্স

ক্যালিসের টেস্টে দক্ষিণ আফ্রিকার জয়

দ্রাবিড়কে ছাড়িয়ে গেলেন ক্যালিস

ক্যালিস যুগের অবসান

তবে অন্যতম সেরা এই অলরাউন্ডারের মতে, দীর্ঘ পরিসরের ক্রিকেটকে বিদায় বলার এটাই ছিল সঠিক সময়।

ডারবানে ভারতের বিপক্ষে ১০ উইকেটের দারুণ ঐ জয় শেষে ক্যালিস সাংবাদিকদের বলেন, “কঠিন সিদ্ধান্ত ছিল (টেস্ট থেকে অবসর নেয়া)। তবে সবাই বলে জীবনে নাকি একটা সময় আসে যখন সকালে ঘুম থেকে উঠেই মনে হয়- বিদায় বলার এটাই সময়।”

বিদায়ী টেস্টে দারুণ এই জয়ে দুই টেস্টের সিরিজ জিতলো স্বাগতিকরা। বিদায়ী টেস্টে ৩৮ বছর বয়সী ক্যালিসের জন্য এটা যথার্থ উপহার।

“আমার মনে হয়েছিল, এটাই সঠিক সঠিক সময়। আর এভাবে শেষ করতে পারাটা অবিশ্বাস্য। যেভাবে ভক্তরা সমর্থন দিতে মাঠে এসেছেন, সিএসএ (ক্রিকেট সাউথ আফ্রিকা) ও সতীর্থরা এটাকে বিশেষ একটি ম্যাচে পরিণত করেছেন। এর চেয়ে ভালো শেষের আশা করতে পারি না।”

ডারবানে জীবনের শেষ টেস্টের প্রথম ইনিংসে শতরানের ইনিংস গড়ে ব্যাট উঁচু করে প্যাভিলিয়নে ফিরছেন জ্যাক ক্যালিস। ছবি: রয়টার্স

ডারবানে জীবনের শেষ টেস্টের প্রথম ইনিংসে শতরানের ইনিংস গড়ে ব্যাট উঁচু করে প্যাভিলিয়নে ফিরছেন জ্যাক ক্যালিস

ডারবানে জীবনের শেষ টেস্টের প্রথম ইনিংসে শতরানের ইনিংস গড়ে ব্যাট উঁচু করে প্যাভিলিয়নে ফিরছেন জ্যাক ক্যালিস। ছবি: রয়টার্স

টেস্ট থেকে ক্যালিস অবসরের সিদ্ধান্ত নেন সপ্তাহ খানেক আগে। সবার আগে অধিনায়ক গ্রায়েম স্মিথকে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি। তারপর সাবেক সতীর্থ মার্ক বাউচারকে এবং পরে দলের সবাইকে।

টেস্ট ঘরানায় ক্যালিসের যে অর্জন তাতে অনায়াসে তাকে ‘কিংবদন্তি’ বলা যায়। ভক্তরা যেমন তাকে দিয়েছে ‘কিং ক্যালিস’ খেতাব। আর ম্যাচ শেষে সতীর্থরা পরে ক্যালিসের প্রতি ভালোবাসায় সিক্ত এক টি-শার্ট- যার সামনের দিকে ক্যালিসের ছবি আর পেছনের লেখা টেস্টে ১০ হাজার রান করা ও ২০০ উইকেট নেয়া একমাত্র ক্রিকেটার।

১৯৯৫ সালের ১৪ ডিসেম্বর এই ডারবানেই ইংল্যান্ডের বিপক্ষে ২০ বছর বয়সে অভিষেক হয়েছিল ক্যালিসের। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে ১ রানের বেশি করতে পারেননি তিনি। তবে বিদায় বেলায় পেলেন প্রায় সবই। ১১৫ রানের দৃঢ়তা ভরা ইনিংস খেলার পথে সর্বকালের সেরা রান সংগ্রাহকদের তালিকায় ভারতীয় ব্যাটিং কিংবদন্তী রাহুল দ্রাবিড়কে (১৩ হাজার ২৮৮) ছাড়িয়ে গেলেন।

মাঝের সময়ে ১৬৬ টেস্টের ক্যারিয়ারে ৪৫ শতক আর ৫৮ অর্ধশতকের সাহায্যে ৫৫.৩৭ গড়ে করেছেন ১৩ হাজার ২৮৯ রান। সর্বোচ্চ ২২৪। শতকের দিক থেকে ভারতীয় ব্যাটিং কিংদবন্তী শচীন টেন্ডুলকারের (৫১টি) চেয়ে পিছিয়ে থাকলেও ১১ হাজারের বেশি রান করা ব্যাটসম্যানদের মধ্যে ক্যালিসের গড়টাই সবচেয়ে বেশি।

চোখ ধাঁধানো সব কীর্তি গড়ে বিদায় বলার সময়টাতে জীবনের অনেককিছুই নিশ্চয় পাল্টে গেছে, কিন্তু পাল্টায়নি ক্রিকেটের প্রতি ভালোবাসা।

নিজের অনুভূতি জানাতে ক্যালিস বলেন, “ম্যাচের আগেরদিন এখানেই আমি বসেছিলাম, তাকিয়ে ছিলাম মাঠের দিকে। বুঝতে পারলাম (১৮ বছরের ক্যারিয়ারে) তেমন কিছুই বদলায়নি। শুধু একটু বয়স হয়েছে। স্নায়ুচাপটা আছে আগের মতোই।”

কিছুদিন আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। মুম্বাইয়ের ঐ টেস্টে টেন্ডুলকার যখন ব্যাটিংয়ে নামেন তখন ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়েরা দুই পাশে দাঁড়িয়ে তাকে দিয়েছিল ‘গার্ড অব অনার’। আরেক কিংবদন্তি ক্যালিসের বিদায়েও ঐ একই চিত্র। ব্যাটিংয়ে নামার সময় ক্যালিসকে ‘গার্ড অব অনার’ দেয় ভারতীয় ক্রিকেটাররা।

প্রতিপক্ষের এমন ভালোবাসায় আবাগাপ্লুত ক্যালিস বলেন, “আমাকে ‘গার্ড অব অনার’ দেওয়ার জন্যে ভারতীয় দলকে ধন্যবাদ। সত্যিই ওটা বিশেষ এটা মুহূর্ত ছিল। ভাগ্য ভালো ছিল যে তার পরপরই আমাকে ব্যাট করতে হয়নি (উইকেটের অন্য প্রান্তে ছিলেন) কারণ ঐ সময়টাতে আমি নিজের ভাবনাগুলোকে আবার গুছিয়ে নিতে পেরেছি। সত্যিই ওটা আবেগঘন একটা মুহূর্ত ছিল।”

বিদায়বেলায় মনের কষ্ট চেপে রাখতে না পেরে ক্যালিস আরো জানান- টেস্টে এতদিনের পথচলায় জমা পড়েছে অনেক স্মৃতি যা আর কখনও ফিরে আসবে না। আসবে না সুখকর মুহূর্তগুলো, ফিরে আসবে না ক্রিকেটের সঙ্গে ও ১৮ বছরে এর সঙ্গে জড়িত বিভিন্ন রুপের বন্ধুত্বের সম্পর্কগুলোও।

টেস্টকে বিদায় বললেও ক্রিকেটে কিন্তু থাকছেন ক্যালিস। মনে পুষে রেখেছেন ২০১৫ সালের বিশ্বকাপ জয়ের স্বপ্ন। তবে সঙ্গে এটাও বললেন, সে লক্ষ্য পূরণে সবার আগে তাকে ফিটনেস ধরে রাখতে হবে ও পারফর্ম করে যেতে হবে।