এশিয়া কাপে সর্বোচ্চ নিরাপত্তার প্রতিশ্রুতি বিসিবির
এশিয়া কাপ চলার সময় সর্বোচ্চ নিরাপত্তার প্রতিশ্রুতি দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ৪ জানুয়ারি কলম্বোয় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বৈঠকের আগেই টুর্নামেন্ট নিয়ে নিরাপত্তা পরিকল্পনা পাঠিয়ে দেয়া হবে।বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের বলেন, “এশিয়া কাপে আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার চেষ্টা করবো।”“নিরাপত্তা পরিকল্পনা একটা ধারাবাহিক প্রক্রিয়া। ঝুঁকির ওপর ভিত্তি করে এটা প্রতিনিয়ত আপডেট হতে থাকে। এশিয়া কাপ নিয়ে কলম্বোতে অনুষ্ঠেয় সভার আগেই আমরা একটা নিরাপত্তা পরিকল্পনা এসিসিকে পাঠিয়ে দেব। আশা করছি, আজকের (সোমবার) মধ্যেই পাঠানো সম্ভব হবে।”এসিসি সভায় বাংলাদেশ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরবে বলে জানান নিজাম উদ্দিন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যেও এশিয়া কাপ আয়োজন সম্ভব বলে মনে করেন তিনি।“২০০৮ সালে পাকিস্তানে এশিয়া কাপ হয়েছে, পাকিস্তানের তখনকার পরিস্থিতি সম্পর্কে আপনারা জানেন। এছাড়া শ্রীলংকায় বিভিন্ন সময় (অস্থিতিশীল পরিস্থিতিতে) এশিয়া কাপ হয়েছে।”বাংলাদেশে আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ এশিয়া কাপ এবং ১৬ মার্চ থেকে ৬ এপ্রিল টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে। এর আগে দুটি টেস্ট, দুটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে খেলতে আগামী ২৪ জানুয়ারি বাংলাদেশে আসার কথা শ্রীলঙ্কা দলের।কিন্তু বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ভাবিয়ে তুলেছে আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনকে। বিরোধী দলের ডাকা হরতাল-অবরোধের মধ্যে সফর বাতিল করে ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ-১৯ দল দেশে ফিরে যাওয়ার পর বাংলাদেশ সফরের ব্যাপারে শঙ্কার কথা জানিয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তানের ক্রিকেট বোর্ড।অবরোধ ও হরতালের মধ্যে নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে বাংলাদেশ সফররত ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলকে গত ৮ ডিসেম্বর ওয়ানডে সিরিজ থেকে প্রত্যাহার করে নেয় দেশটির ক্রিকেট বোর্ড ডব্লিউআইসিবি। এ কারণে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে জানতে চায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।গত ২৬ নভেম্বর থেকে বিরোধী দলের ডাকে কয়েক দফায় অবরোধে সারাদেশে বোমা বিস্ফোরণ ও সহিংসতার ঘটনা ঘটছে।
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এবার পিসিবির শঙ্কা
উইন্ডিজের সিদ্ধান্তে ভবিষ্যত নিয়েও শঙ্কা
'নিরাপত্তাহীনতায়' ফিরে যাচ্ছে উইন্ডিজের তরুণরা
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে খোঁজ আইসিসির
বাংলাদেশ সফর নিয়ে দুশ্চিন্তায় শ্রীলঙ্কা
