শেষ টেস্টে শতকের পথে ক্যালিস
জীবনের শেষ টেস্টে শতক করতে আর ২২ রান চাই জ্যাক ক্যালিসের। ডারবানে দ্বিতীয় ও শেষ টেস্টের বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিন শেষে তিনি ৭৮ রানে অপরাজিত। ৫ উইকেটে ২৯৯ রান নিয়ে দিন শেষ করা দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৩৫ রানে পিছিয়ে আছে ভারতের চেয়ে।
ক্যালিস আর প্রথম টেস্টে দারুণ এক শতক করা এবি ডি ভিলিয়ার্সের জন্যই মাঝের ‘মড়ক’ কাটিয়ে ঘুরে দাঁড়ানো স্বাগতিকদের সামনে লিড নেয়ার জোরালো সম্ভাবনা।শনিবার বিনা উইকেটে ৮২ রান নিয়ে দিন শুরু করা দক্ষিণ আফ্রিকানরা ২১ রান যোগ করার পর হঠাৎই বিপদে পড়ে যায়।রবীন্দ্র জাদেজার করা দিনের অষ্টম ওভারের প্রথম বলটি অহেতুক তুলে মারতে গিয়ে আউট হয়ে যান গ্রেম স্মিথ। কাভার থেকে অনেকখানি দৌড়ে গিয়ে সীমানার কাছাকাছি দুর্দান্তভাবে বল তালুবন্দী করেন শিখর ধাওয়ান। ৩৫ রান নিয়ে শুরু করা দক্ষিণ আফ্রিকা অধিনায়কের শনিবার অবদান মাত্র ১২ রান।৬ ওভার পর আরেকটি আঘাত। জোহানেসবার্গে অমীমাংসিত প্রথম টেস্টের দুই ইনিংসেই বল ছেড়ে দিয়ে বোল্ড হয়েছিলেন হাশিম আমলা। এবার অবশ্য মোহাম্মদ সামির বল খেলতেই চেয়েছিলেন তিনি। কিন্তু বল তার ব্যাটকে ফাঁকি দিয়ে আঘাত করে অফস্টাম্পে। মাত্র ৩ রান করে তাই ফিরতে হয় আমলাকে।আমলার বিদায়ের পর দর্শকদের তুমুল করতালির মধ্যে ক্যালিসের প্রবেশ। এ সময় সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডারকে ‘গার্ড অব অনার’ দেন ভারতের ক্রিকেটাররা। সম্মান প্রদর্শনে বাদ যাননি দুই অস্ট্রেলীয় আম্পায়ার স্টিভ ডেভিস আর রড টাকারও।এই আবেগের ঢেউ হয়তো মনোঃসংযোগ নষ্ট করেছে দ্বিতীয় দিন শেষে অপরাজিত অন্য ব্যাটসম্যান আলভিরো পিটারসেনের। ক্যালিস নামার পর প্রথম বলেই তিনি স্লিপে মুরালি বিজয়কে ক্যাচ দিয়েছেন। ৬২ রান করা পিটারসেনের ‘ঘাতক’ জাদেজা।শনিবার ভারতের বাকি দুটো সাফল্যও এই বাঁহাতি স্পিনারের সৌজন্যে। কিন্তু তার আগে অতিথিদের রীতিমতো ঘাম ঝরিয়ে ছেড়েছেন ক্যালিস ও ডি ভিলিয়ার্স।বিনা উইকেটে ১০৩ রান থেকে ৩ উইকেটে ১১৩ রানে পরিণত স্বাগতিকদের সাজঘরে স্বস্তি ফিরিয়ে আনার কৃতিত্ব এই দুজনের। চতুর্থ উইকেট জুটিতে ১২৭ রান যোগ করেছেন তারা।৭৪ রান করা ডি ভিলিয়ার্সকে প্রথম স্লিপে বিরাট কোহলির ক্যাচ বানিয়ে এই জুটি ভেঙ্গেছেন জাদেজা। আউট হলেও দারুণ এক ‘কীর্তি’ গড়েছেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটসম্যান। সর্বশেষ ১০ টেস্টের প্রতিটিতে অন্তত একটি অর্ধশতক করেছেন তিনি।ডি ভিলিয়ার্সের বিদায়ের পর জেপি ডুমিনিকে নিয়ে ৫৮ রানের আরেকটি ভালো জুটি গড়েছেন ক্যালিস। ডুমিনিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে এই জুটিও ভেঙ্গে দিয়েছেন জাদেজা।এর ৯ বল পর বৃষ্টি নামলে খেলা আর হতে পারেনি। চা-বিরতির পর ১৬ ওভারের মতো খেলা হয়েছে।২২৪ বল খেলে ১০টি চার মারা ক্যালিস রোববার ৪৫তম শতকের লক্ষ্যে ব্যাট করতে নামবেন ‘নাইটওয়াচম্যান’ ডেল স্টেইনকে নিয়ে।সংক্ষিপ্ত স্কোর:ভারত প্রথম ইনিংস: ৩৩৪ (বিজয় ৯৭, পুজারা ৭০, রাহানে ৫১*; স্টেইন ৬/১০০, মরকেল ৩/৫০)দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ২৯৯/৫ (স্মিথ ৪৭, পিটারসেন ৬২, আমলা ৩, ক্যালিস ৭৮*, ডি ভিলিয়ার্স ৭৪, ডুমিনি ২৮, স্টেইন ০*; জাদেজা ৪/৮৭, সামি ১/৬২)
