পাকিস্তান টেস্ট দলে গুল, হাফিজ, তালহা
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দলে ডাক পেয়েছেন ওয়ানডে সিরিজে দারুণ ফর্মে থাকা পেসার উমর গুল ও অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। সাড়ে চার বছর পর দলে ডাক পেয়েছেন পেসার মোহাম্মদ তালহা।
বৃহস্পতিবার তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
চোটের কারণে গত মার্চের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন উমর গুল। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরে শেষ দুটি ওয়ানডেতে তিনটি করে উইকেট পেয়েছেন অস্ত্রোপচারের ধাক্কা কাটিয়ে ফেরা এই পেসার।
সেপ্টেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলা অলরাউন্ডার মোহাম্মদ হাফিজও ওয়ানডে সিরিজে দারুণ ফর্মে আছেন। সংযুক্ত আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে চার ম্যাচে তার তিন শতকের সৌজন্যে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান।
সাড়ে চার বছরেরও বেশি সময় আগে ২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলঙ্কার বিপক্ষেই একমাত্র টেস্টটি খেলেছিলেন পেসার মোহাম্মদ তালহা। এই ম্যাচ চলাকালেই সন্ত্রাসী হামলার শিকার হয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট দল বহনকারী বাস।
চোটের কারণে দলে নেই পেসার মোহাম্মদ ইরফান। ব্যাট হাতে অনুজ্জ্বল পারফরম্যান্সের কারণে জায়গা হারিয়েছেন উমর আমিন। জায়গা হয়নি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট খেলা স্পিনার জুলফিকার বাবরের।
৩১ ডিসেম্বর আবু ধাবিতে শুরু হবে প্রথম টেস্ট। ৮ জানুয়ারি থেকে দুবাইয়ে দ্বিতীয় ও ১৬ জানুয়ারি শারজায় তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে।
টেস্ট দল: মিসবাহ-উল-হক (অধিনায়ক), খুররাম মনজুর, আজহার আলী, ইউনুস খান, মোহাম্মদ হাফিজ, আদনান আকমল (উইকেটরক্ষক), সাঈদ আজমল, উমর গুল, আব্দুর রেহমান, জুনায়েদ খান, মোহাম্মদ তালহা, রাহাত আলী, আসাদ শফিক, আহমেদ শেহজাদ ও শান মাসুদ।
