অভিযোগ অস্বীকার সোয়ানের
আন্তর্জাতিক ক্রিকেট থেকে সদ্য বিদায় নেয়া ইংল্যান্ডের অফস্পিনার গ্রায়েম সোয়ান জানিয়েছেন, সতীর্থদের লক্ষ্য করে তিনি কোনো বিরূপ মন্তব্য করেননি।
গত রোববার হঠাৎ করে অ্যাশেজের মাঝপথে অবসরের ঘোষণা দেয়ার সময় ৩৪ বছর বয়সী সোয়ান বলেছিলেন, “কেউ-কেউ এই মুহূর্তে এমনভাবে খেলাটা খেলছে যাতে মনে হতে পারে নিজের পিঠ কোথায় ঠেকে গেছে সে সম্পর্কে তার কোনো ধারণাই নেই।”
কোনো-কোনো গণমাধ্যম এটাকে কেভিন পিটারসেনের প্রতি সোয়ানের ‘চপেটাঘাত’ বলে মনে করছে। কিন্তু এই ধারণাকে উড়িয়ে দিয়ে মঙ্গলবার সে সব গণমাধ্যমকে একহাত নিয়ে সোয়ানের মন্তব্য, “তারা দুই আর দুই যোগ করে ৫৫ বানাতে চাইছে!”
‘স্কাই স্পোর্টস’ টেলিভিশনকে সাক্ষাতকার দেয়ার সময় ইংল্যান্ডের কোনো খেলোয়াড়কে লক্ষ্য করে মন্তব্য করেছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “অবশ্যই না।”
অভিযোগটা উড়িয়ে দিয়ে ৬০ টেস্টে ২৫৫ উইকেট নেয়া সোয়ান আরো বলেন, “ইংল্যান্ড দলকে উদ্দেশ্য করে আমি কিছু বলিনি। এটা ভীষণ লজ্জাজনক যে কিছু-কিছু গণমাধ্যম আমি যে কেভ (পিটারসেন) ও ইংল্যান্ড দলকে লক্ষ্য করেই কথাগুলো বলেছি, সেই উপসংহারে পৌঁছে গেছে। তারা আমার কাছে এ সম্পর্কে জানতে চাইলে বলতে পারতাম যে আমি তেমন কথা বলিনি।”
