২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশংসার বদলে জুটলো সমালোচনা

পুরো চার সেশন খেলে জোহানেসবার্গ টেস্টে হার এড়ানোর জন্য দেশবাসীর প্রশংসাই পাওয়া যাবে- সোমবার সকালে উঠে এমনটাই হয়তো ভেবেছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। অথচ গণমাধ্যম আর অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যমে উল্টো সমালোচনা, জেতার চেষ্টা না করেই নাকি হাল ছেড়ে দিয়েছে আফ্রিকানরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2013, 09:11 PM

Updated : 13 Oct 2022, 03:09 PM

পুরনো খবর:

জোহানেসবার্গে রোমাঞ্চকর ড্র

রোববার পঞ্চম দিনে ফাফ দু প্লেসি ও এবি ডি ভিলিয়ার্সের শতকের সুবাদে জোহানেসবার্গ টেস্টে ৪৫৮ রান তাড়া করে মাত্র আট রানের জন্য ভারতের বিপক্ষে জয় পাইনি দক্ষিণ আফ্রিকা। একসময় ৩ উইকেট হাতে রেখে ১৯ বলে ১৬ রান প্রয়োজন ছিল স্বাগতিকদের। তবে আক্রমণাত্মক খেলা ফিল্যান্ডার আর ঝুঁকি নেননি। ডেল স্টেইনকে নিয়ে বাকি সময় কাটিয়ে দিয়েছেন তিনি।

জেতার চেষ্টা না করার সিদ্ধান্তে এই জুটি অধিনায়ক স্মিথের সমর্থন পেলেও দেশবাসীর মন জয় করতে পারেনি। অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে দক্ষিণ আফ্রিকার বেশিরভাগ ক্রিকেটপ্রেমী জানিয়েছে, তাদের দল যদি জয়ের চেষ্টা করে হেরেও যেত, সেটাও ভালো হতো এই ড্র মেনে নেয়ার চেয়ে।

দক্ষিণ আফ্রিকার সাবেক টেস্ট অধিনায়ক কেপলার ওয়েসেলস দুই উত্তরসূরির সমালোচনা করে বলেন, “আমার মতে প্রোটিয়াদের জয়ের চেষ্টা করা উচিত ছিল, যেখানে স্টেইন ও ফিল্যান্ডার ক্রিজে ছিল।”

“আবেগকে বাদ দিয়ে যৌক্তিকভাবে পরিস্থিতির বিবেচনা করলেও ড্রয়ের চিন্তা বাদ দিয়ে জয়ের চেষ্টা করলে অনেক কিছু পাওয়ার ছিল”, যোগ করেন কেপলার।

তবে ঐ দুই ব্যাটসম্যানের অমন রক্ষণাত্মক খেলায় মাঠের দর্শকরা দুয়ো দিলেও অধিনায়ক গ্রায়েম স্মিথের মতে সেটাই নাকি সঠিক ছিল।

সতীর্থদের সমর্থনে স্মিথ বলেন, “ওদের কাছে (স্টেইন ও ফিল্যান্ডার) দলের জন্য যেটা ভালো মনে হয়েছে ওরা সেটাই করেছে।”

তিনি যুক্তি হিসেবে উইকেটে আসতে বাকি থাকা পেসার মরনে মরকেলের চোটের কথা আর শেষ ব্যাটসম্যান ইমরান তাহিরের চাপ সামলানোর অনভিজ্ঞতার কথা তুলে ধরেন।

“মাঠে ডেল (স্টেইন) ও ভার্নন (ফিল্যান্ডার) যে সিদ্ধান্ত নিয়েছে আমাদের উচিত তার সমর্থন দেয়া। এই দলের মুল শক্তি হলো এখানে সবাই সঠিক সিদ্ধান্ত নিতে পারে।”