বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এবার পিসিবির শঙ্কা
বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ভাবিয়ে তুলেছে আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনকে। বিরোধী দলের ডাকা হরতাল-অবরোধের মধ্যে সফর বাতিল করে ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ-১৯ দল দেশে ফিরে যাওয়ার পর বাংলাদেশ সফরের ব্যাপারে শঙ্কার কথা জানিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এবার তাদের সঙ্গে সুর মিলিয়েছে পাকিস্তান।
বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেই এশিয়া কাপে খেলতে আসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২৪ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ এশিয়া কাপ এবং ১৬ মার্চ থেকে ৬ এপ্রিল টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে।
ইএসপিএন ক্রিকইনফোকে পিসিবির প্রধান নাজাম সেঠি বলেন, “(বাংলাদেশের) সার্বিক পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে আইসিসি (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল) আমাদের জানিয়েছে।”
“তাছাড়া আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। বাংলাদেশের সার্বিক পরিস্থিতির বর্তমান অবস্থান এবং পরিস্থিতির বিচারে উপযুক্ত পরামর্শ দেয়ার কথাও তাদের বলেছি আমরা”, যোগ করেন সেঠি।
অবরোধ ও হরতালের মধ্যে নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলকে গত ৮ ডিসেম্বর ওয়ানডে সিরিজ থেকে প্রত্যাহার করে নেয় দেশটির ক্রিকেট বোর্ড ডব্লিউআইসিবি। এ কারণে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
এরপর শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানায়, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে আগামী সফর সম্পর্কে সিদ্ধান্ত নেবেন তারা। দুটি টেস্ট, দুটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে খেলতে আগামী ২৪ জানুয়ারি বাংলাদেশে আসার কথা শ্রীলঙ্কা দলের।
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানালেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ বা এশিয়া কাপ আয়োজন নিয়ে কোনো দুশ্চিন্তা নেই।
“বিশ্বকাপ টি-টোয়েন্টির আয়োজক হওয়ায় নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আমরা আইসিসির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি, এটা একটা রুটিন কাজ।”
গত ২৬ নভেম্বর থেকে বিরোধী দলের ডাকে কয়েক দফায় অবরোধে সারাদেশে বোমা বিস্ফোরণ ও সহিংসতার ঘটনা ঘটছে।
এর আগে বাংলাদেশে বিশ্বকাপের ভেন্যুগুলো পরিদর্শনে এসে আইসিসির ইভেন্ট ম্যানেজার ক্রিস টেটলি জানিয়েছিলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির দিকে নজর আছে তাদের।
