বাংলাদেশের পরিস্থিতি নিয়ে খোঁজ আইসিসির
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড বাংলাদেশে সফররত অনূর্ধ্ব-১৯ দলকে দেশে ডেকে পাঠানোয় নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী সোমবার সাংবাদিকদের বলেন, “আইসিসি আমাদের কাছে এই ব্যাপারে আমাদের কাছে ‘আপডেট’ জানতে চেয়েছে। নিরাপত্তার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করেছি তা আমরা অফিসিয়ালি তাদের জানাচ্ছি।”
অবরোধ ও হরতালের মধ্যে নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলকে রোববার ওয়ানডে সিরিজ থেকে প্রত্যাহার করে নেয় দেশটির ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)।
রোববার সাত ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে মাঠে যায়নি ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের খেলোয়াড়রা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেই ম্যাচটি সোমবার হওয়ার কথা ছিল। কিন্তু পরে ডব্লিউআইসিবি জানায়, নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকিই নিতে চান না তারা, ক্রিকেটারদের তাই দেশে ফিরিয়ে নেয়া হচ্ছে।
প্রথম ওয়ানডে খেলার পর নিরাপত্তাহীনতার কথা বলে দেশে ফেরত যাওয়ার ঘোষণা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল।
আগামী বছর বাংলাদেশে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো দুটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের এই সিদ্ধান্ত বাংলাদেশে টুর্নামেন্টগুলো আয়োজনে করা নিয়ে কোনো সমস্যা হবে কিনা জানতে চাইলে নিজাম উদ্দিন বলেন, “এটা ছিল একটা বিচ্ছিন্ন ঘটনা। ওদের টিম ম্যানেজমেন্টকে এটা বোঝানোর চেষ্টা করছে। এই সিরিজ থেকে তো আইসিসির কাছে এই ভুল বার্তা যাচ্ছে।”
ওয়েস্ট ইন্ডিজের দলটিকে রাখার সর্বাত্মক প্রচেষ্টা চলছে জানিয়ে নিজাম উদ্দিন বলেন, “ঘটনাটি ঘটেছে গত পরশু দিন। এরপরই আমরা জানতে পারি তারা এই সিরিজ না খেলার ব্যাপারে আগ্রহী। তখনই ঢাকা থেকে টিম গিয়েছে। তাদের বিষয়টা বোঝানোর চেষ্টা করেছে। আর আজ সকালে তাদের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই খবরটি জানানো হয়।”
গত ২৬ নভেম্বর থেকে বিরোধী দলের ডাকে কয়েক দফায় অবরোধে সারাদেশে বোমা বিস্ফোরণ ও সহিংসতার ঘটনা ঘটছে। ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের বিবৃতিতে বলা হয়, অবরোধ ও হরতালের মধ্যে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি ক্রিকেট খেলার জন্য উপযোগী নয়।
এর আগে বাংলাদেশে বিশ্বকাপের ভেন্যুগুলো পরিদর্শনে এসে আইসিসির ইভেন্ট ম্যানেজার ক্রিস টেটলি জানিয়েছিলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির দিকে নজর আছে তাদের।
