২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইন্ডিজের সিদ্ধান্তে ভবিষ্যত নিয়েও শঙ্কা

রাজনৈতিক সহিংসতার মধ্যে ‘নিরাপত্তাহীনতার’ কারণে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের বাংলাদেশ ছেড়ে যাওয়ার ঘোষণার পর দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপসহ অন্যান্য টুর্নামেন্টের ভবিষ্যত নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সাবেক কয়েকজন অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2013, 05:07 PM

Updated : 13 Oct 2022, 03:06 PM

পুরনো খবর:

'নিরাপত্তাহীনতায়' ফিরে যাচ্ছে উইন্ডিজের তরুণরা

রকিবুল হাসান ও খালেদ মাহমুদ সুজন মনে করেন, রাজনৈতিক সহিংসতার কারণে দেশে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট না হলে ভাবমূর্তি সংকট দেখা দেবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এখনই এ বিষয়ে দৃঢ় ভূমিকা নিতে হবে।

জানুয়ারি থেকে বাংলাদেশের ক্রিকেটসূচি ভীষণ ব্যস্ত। শ্রীলঙ্কার বিপক্ষে ২৭ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া সিরিজ চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপ শেষ হবে ৮ মার্চ। আর ১৬ মার্চ থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ চলবে ৬ এপ্রিল পর্যন্ত।

সাবেক অধিনায়ক রকিবুল হাসান একটি টিভি চ্যানেলকে বলেন, “রাজনৈতিক পরিস্থিতির কারণেই কিন্তু পাকিস্তানে খেলা হয় না। বাংলাদেশে এমন পরিস্থিতি হয়েছে, তা আমি বলছি না। কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বিসিবিকে একটি দৃঢ় ভূমিকা নিতে হবে।”

“বিরোধী দলীয় নেত্রী যিনি এই আন্দোলনের ডাক নিয়েছেন তার সঙ্গে বিসিবিকে আলোচনা করতে হবে। ক্রিকেটকে যেন এর বাইরে রাখা হয়”, পরামর্শ দেন তিনি।

বর্তমানে বিসিবির পরিচালক ও আরেক সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওয়েস্ট ইন্ডিজের চলে যাওয়ার সিদ্ধান্ত ভীষণ দুর্ভাগ্যজনক। যে কোনো জাতীয় দলকে আমরা যে ধরনের নিরাপত্তা দেই তার চেয়েও বেশি দিতে চেয়েছিলাম, কিন্তু ওরা চলে যাওয়ার সিদ্ধান্ত নিল।"

রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক না হলে সামনের বড় টুর্নামেন্টগুলো নিয়ে শঙ্কা দেখা দেবে বলে মনে করেন তিনি।

“সামনে আমাদের দেশে এশিয়া কাপ, বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। তার আগেই রাজনৈতিক পরিস্থিতি ঠিক হয়ে যাবে বলে আশাবাদী। তবে কোনো কারণে এই দুটি টুর্নামেন্ট এখানে না হলে আমাদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে।”

অবরোধ ও হরতালের মধ্যে নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলকে রোববার ওয়ানডে সিরিজ থেকে প্রত্যাহার করে নেয় দেশটির ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)।

রোববার সাত ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে মাঠে যায়নি ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের খেলোয়াড়রা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেই ম্যাচটি সোমবার হওয়ার কথা ছিল। কিন্তু পরে ডব্লিউআইসিবি জানায়, নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকিই নিতে চান না তারা, ক্রিকেটারদের তাই দেশে ফিরিয়ে নেয়া হচ্ছে।

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে বিসিবি পরিচালক আকরাম বলেন, “ওয়েস্ট ইন্ডিজ থেকে একটি মেইল আসার পর ওরা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আমরা সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছিলাম।”

গত ২৬ নভেম্বর থেকে বিরোধী দলের ডাকে কয়েক দফায় অবরোধে সারাদেশে বোমা বিস্ফোরণ ও সহিংসতার ঘটনা ঘটছে। ওয়েস্ট ইন্ডিজ দলের চট্টগ্রামের ঠিকানা হোটেল আগ্রাবাদের সামনে শনিবার রাতে কয়েকটি ককটেল বিস্ফোরিত হওয়ার পর নিরাপত্তাহীনতায় ভুগছিল ওয়েস্ট ইন্ডিজ দল। পরে বোর্ডের নিরাপত্তা ব্যবস্থাপক পল স্লোয়ের দেয়া একটি প্রতিবেদন বিবেচনায় এনে দলকে দেশে ডেকে পাঠায় তারা।

ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের বিবৃতিতে বলা হয়, অবরোধ ও হরতালের মধ্যে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি ক্রিকেট খেলার জন্য উপযোগী নয়।