সাময়িকভাবে নিষিদ্ধ শিলিংফোর্ড
বল করার ধরণ অবৈধ প্রমাণিত হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের অফস্পিনার শেন শিলিংফোর্ডকে বোলিং করা থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আর শিলিংফোর্ডের সতীর্থ ও অনিয়মিত স্পিনার মারলন স্যামুয়েলসের ‘কুইকার’ করার উপর নিষেধাজ্ঞা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
রোববার এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, পরীক্ষায় দেখা গেছে শিলিংফোর্ডের অফ-ব্রেক এবং দুসরার সময় তার কণুই নির্ধারিত সীমা ১৫ ডিগ্রির চেয়ে বেশি বাকে। বোলিংয়ের ধরণ পাল্টানোর আগ পর্যন্ত বল করতে পারবেন না শিলিংফোর্ড।
ভারত সফরে মুম্বাই টেস্ট চলার সময় গত ১৬ নভেম্বর, শিলিংফোর্ড ও স্যামুয়েলসের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলে আম্পায়াররা। এরপরই পরীক্ষা নিরীক্ষার জন্য অস্ট্রেলিয়া যান তারা দু’জন।
বর্তমানে নিউ জিল্যান্ড সফরে থাকা ক্যারিবীয় দলের সঙ্গে আছেন তারা, প্রথম দুই টেস্টে খেলেছেনও। দুই টেস্ট মিলে শিলিংফোর্ড মোট ছয়টি উইকেট পেয়েছেন। ঐ দুই টেস্টের প্রথমটি ড্র হলেও দ্বিতীয়টি হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে গেছে অতিথিরা।
তবে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া উইন্ডিজের জন্য সিরিজ বাঁচানোর ম্যাচে বল করতে পারবেন না শিলিংফোর্ড।
