২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লার্কের হাতে দুটো পুরস্কার

পার্থে শততম টেস্ট খেলতে নেমে দারুণ সুখবর পেয়েছেন মাইকেল ক্লার্ক। একটা নয়, দু-দুটো। ২০১৩ সালের আইসিসি বর্ষসেরা ক্রিকেটার ও বর্ষসেরা টেস্ট ক্রিকেটার দুটোই নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2013, 05:54 PM

Updated : 23 Aug 2022, 07:28 PM

বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার জিতেছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা।

শুক্রবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিবৃতিতে বর্ষসেরা ক্রিকেটারদের নাম ঘোষণা করে।

এই সম্মান পেয়ে ক্লার্ক একই সঙ্গে উচ্ছ্বসিত ও বিস্মিত। তিনি বলেন, “সত্যি বলতে কী আমি ভীষণ অবাক হয়েছি। আমি ভেবেছিলাম অন্য কেউ পুরস্কার পাবে। কারণ অনেকেই খুবই ভালো খেলছে। আমি এটাকে দলের সাফল্যে রুপান্তর করতে চাই।”

আইসিসি বর্ষসেরা নির্বাচনের সময়টাতে ব্যাট হাতে দারুণ কেটেছে ক্লার্কের। পাঁচটি শতকসহ (যার দুটি দ্বিশতক) ৭০-এর বেশি গড়ে ১,৫৫৯ রান করেছেন তিনি। চলমান অ্যাশেজের প্রথম দুই টেস্টে দুটি শতক এসেছে তার ব্যাট থেকে।

এই সময়ে ওয়ানডেতে ৬৩.৭৩ গড়ে ৯৫৬ রান করেছেন সাঙ্গাকারা। ওয়ানডেতে তার ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসও (১৬৯ রান) এসেছে এই সময়ে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

বর্ষসেরা মহিলা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন নিউ জিল্যান্ডের অধিনায়ক সুজি বেটস। ভারতের চেতেশ্বর পুজারা উদীয়মান ক্রিকেটার এবং ইংল্যান্ডের রিচার্ড কেটেলবরো সেরা আম্পায়ারের পুরস্কার পেয়েছেন।