প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের জয়
প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়েছে পাকিস্তান। দুই ম্যাচের সিরিজে তাই স্বাগতিক দল এখন ১-০ ব্যবধানে এগিয়ে।
বুধবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৪৫ রান করে শ্রীলঙ্কা।
৩৪ বলে ৫টি চার ও একটি ছক্কায় সর্বোচ্চ ৫০ রান আসে অ্যাঞ্জেলো ম্যাথিউসের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ২৩ রান লাহিরু থিরিমান্নের।
শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক দীনেশ চান্দিমাল ২২ ও কুমার সাঙ্গাকারা ২১ রান করেন।
পাকিস্তানের পক্ষে দুটি করে উইকেট নেন সোহেল তানভীর ও সাঈদ আজমল। এক উইকেট পেলেও ৪ ওভার বল করে শহীদ আফ্রিদির খরচ মাত্র ২০ রান।
পরে ব্যাট হাতেও সফল ওয়ানডের দ্রুততম শতকের মালিক আফ্রিদি। তার ২০ বলে তিনটি ছক্কা ও দুটি চারসমৃদ্ধ অপরাজিত ৩৯ রান ৫ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে দিয়েছে পাকিস্তানকে। ব্যাটসম্যান-বোলার দুই ভূমিকাতেই ঔজ্জ্বল্য ছড়ানো আফ্রিদিই ম্যাচের সেরা খেলোয়াড়।
উদ্বোধনী ব্যাটসম্যান শারজিল খানের অবদান ৩৪ রান। অধিনায়ক মোহাম্মদ হাফিজের ব্যাট থেকে আসে ৩২ রান।
২৬ রানে লাসিথ মালিঙ্গার শিকার তিনটি।
শুক্রবার একই মাঠে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি হবে।
