পাকিস্তানের সামনে টি-টোয়েন্টির শীর্ষে ওঠার সুযোগ
শ্রীলঙ্কাকে হটিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে ওঠার সুযোগ এসেছে পাকিস্তানের সামনে। এজন্য দুবাইয়ের স্পোর্টস সিটিতে বুধবার শুরু হতে যাওয়া সিরিজের দু'টি ম্যাচই জিততে হবে তাদের।
২০১২ সালের ৮ অক্টোবর থেকে এক নম্বরে আছে শ্রীলঙ্কা। তাদের চেয়ে ৮ রেটিং পয়েন্টে পিছিয়ে র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে আছে পাকিস্তান।
শুক্রবার হবে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি।
পাকিস্তান ২-০ ব্যবধানে সিরিজ জিতলে চার রেটিং পয়েন্ট পাবে। অন্যদিকে দিনেশ চান্দিমালের দল হারাবে ছয় পয়েন্ট। তখন ১২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে যাবে মোহাম্মাদ হাফিজের দল।
শ্রীলঙ্কা ২-০ ব্যবধানে জিতলে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের নিচে পাঁচ নম্বর অবস্থানে নেমে যাবে।
এদিকে পাকিস্তান টি-টোয়েন্টি দলে যোগ করেছে নতুন মুখ বাঁ-হাতি পেস বোলার উসমান খানকে।
