হল অব ফেমে ওয়াকার, গিলক্রিস্ট
আইসিসির ক্রিকেট হল অব ফেম-এ স্থান পেয়েছেন ওয়াকার ইউনুস ও অ্যাডাম গিলক্রিস্ট। সোমবার তাদের অন্তর্ভূক্তির ঘোষণা দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার ওয়াকারকে ১১ ডিসেম্বর আর সর্বকালের অন্যতম সেরা উইকেটরক্ষক গিলক্রিস্টকে ১৩ ডিসেম্বর সম্মাননা জানাবে আইসিসি।
পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াকার ৭০ ও গিলক্রিস্ট ৭১তম ক্রিকেটার হিসেবে হল অব ফেম-এ স্থান পেলেন। ওয়াকার পাকিস্তানের পঞ্চম ক্রিকেটার আর গিলক্রিস্ট অস্ট্রেলিয়ার ১৯তম ক্রিকেটার হিসেবে এ তালিকায় স্থান পেলেন।
ওয়াকার বাঁহাতি পেসার ওয়াসিম আকরামের সঙ্গে গড়েছিলেন অন্যতম ভয়ঙ্কর জুটি। রিভার্স সুইংয়ে ব্যাটসম্যানদের বুকে কাঁপন ধরানো ওয়াকার ৮৭ টেস্টে ৩৭৩ ও ২৬২ ওয়ানডেতে ৪১৬ উইকেট নেন।
টেস্টে ২২ বার ইনিংসে পাঁচ উইকেট ও পাঁচবার ম্যাচে ১০ উইকেট নেয়ার কৃতিত্ব রয়েছে দেশকে ১৭ টেস্ট ৬২ ওয়ানডেতে নেতৃত্ব দেয়া ওয়াকারের।
একমাত্র বোলার হিসেবে টানা তিন ওয়ানডেতে পাঁচ উইকেট নেয়ার অনন্য কৃতিত্ব দেখানো এই পেসার বলেন, “হল অব ফেমে স্থান পাওয়া আমার জন্য সম্মানের। অভিজাত এই গ্রুপে যোগ দেয়ার জন্য আমি সাগ্রহে অপেক্ষা করছি।”
প্রথম শ্রেণির ক্রিকেটেও দারুণ সফল ওয়াকার। ২২৮ ম্যাচে ৯৫৬ উইকেট নেন তিনি। সেরা ৮/১৭।
অস্ট্রেলিয়ার অন্যতম সেরা উইকেটরক্ষক-ব্যাটসম্যান গিলক্রিস্ট এক যুগের ক্যারিয়ারে খেলেছেন ৯৬ টেস্ট। এতে ১৭টি শতকসহ ৫ হাজার ৫৭০ রানের পাশাপাশি ৪১৬টি ডিসমিসাল রয়েছে তার। দলকে ৬টি টেস্টে নেতৃত্বও দেন তিনি।
২৮৭ ওয়ানডেতে ১৬টি শতকসহ ৯ হাজার ৬১৬ রান করেন তিনি। ৪৭২টি ডিসমিসালের অধিকারী গিলক্রিস্ট ১৭টি ম্যাচে দলকে নেতৃত্ব দেন।
১৯৯৯, ২০০৩ ও ২০০৭ সালে ওয়ানডে বিশ্বকাপ ও ২০০৮ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অস্ট্রেলিয়া দলের এই গুরুত্বপূর্ণ সদস্য বলেন, “হল অব ফেম-এ অন্তভূক্তিতে আমি ভীষণ খুশি। ঘরের মাঠে সম্মাননা পাওয়াটা আমার এবং স্বজনদের জন্য দারুণ একটি ব্যাপার হবে।”
