২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডে সিরিজ দক্ষিণ আফ্রিকার

প্রথমে দুই উদ্বোধনী ব্যাটসম্যান কুইন্টন ডি কক ও হাশিম আমলার শতক। তারপর দুই নতুন বলের বোলার ডেল স্টেইন ও লোনওয়াবো সোতসোবের মারাত্মক বোলিং। সব কিছুর যোগফলে দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে সহজেই ১৩৪ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2013, 01:22 AM

Updated : 23 Aug 2022, 07:26 PM

২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ায় স্বাগতিকদের সিরিজ জয়ও নিশ্চিত হয়ে গেছে।

রোববার ডারবানের কিংসমিডে বৃষ্টির কারণে ৪৯ ওভারে নেমে আসা ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৮০ রান করে দক্ষিণ আফ্রিকা।

অবশ্য ১৯৪ রানের উদ্বোধনী জুটি আবার তিন শ’র ওপরে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখাচ্ছিল তাদের। কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় তা হয়নি।

টানা দ্বিতীয় ম্যাচে শতক করে আবার ম্যাচ সেরার পুরস্কার জিতে নেয়া ডি ককের ব্যাট থেকে আসে ১০৬ রান। ১১৮ বলের ইনিংসটিতে চার ৯টি, কিন্তু কোনো ছক্কা নেই।

অন্যদিকে আমলা ১১৭ বলে ৮টি চারসহ (তারও ছক্কা নেই) ঠিক ১০০ রান করে সামি আহমেদের বলে কট বিহাইন্ড হয়ে যান। এই ইনিংস খেলার পথে ওয়ানডেতে দ্রুততম (৮৪ ম্যাচে ৮১ ইনিংস) চার হাজার রান করার কৃতিত্ব গড়েন আমলা। আগের রেকর্ডটি ছিল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং-কিংবদন্তি ভিভ রিচার্ডসের (৯৬ ম্যাচে ৮৮ ইনিংস)।

৪৮ রানে ৩ উইকেট নিয়ে আবার ভারতের সেরা বোলার সামি আহমেদ।

জবাবে সোতসোবে (৪/২৫) ও স্টেইনের (৩/১৭) মারাত্মক বোলিংয়ে ৩৫ ওভার ১ বলে ১৪৬ রানে অলআউট হয়ে যায় ভারত।

সর্বোচ্চ ৩৬ রান আসে সুরেশ রায়নার ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান রবীন্দ্র জাদেজার।