অ্যাশেজে কথার লড়াই চলছেই
প্রথম টেস্টে ইংল্যান্ডের শেষ ব্যাটসম্যান জেমস অ্যান্ডারসনকে হুমকি দেয়ায় জরিমানা দিতে হয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ককে। অ্যাশেজের দ্বিতীয় টেস্টেও কথার লড়াই থেমে নেই। এর সঙ্গে শারীরিক সংঘর্ষেরও উপক্রম হয়েছিল রোববার।
অ্যাডিলেড টেস্টের চতুর্থ দিনের শেষ দিকে অস্ট্রেলিয়ার পেসার মিচেল জনসনের সঙ্গে ইংল্যান্ডের উইকেটরক্ষক ম্যাট প্রায়রের তীব্র বাদানুবাদ হয়। তার আগেই জো রুটকে উদ্দেশ্য করে ‘স্লেজিং’ করেন জনসন।
ব্রিসবেনে প্রথম টেস্টে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেয়া জনসনের সঙ্গেই ইংল্যান্ডের অভিষিক্ত অলরাউন্ডার বেন স্টোকসের ধাক্কা লাগার উপক্রম হয়েছিল একবার। সব মিলিয়ে ‘ভদ্রলোকের খেলা’ ক্রিকেটে রোববার বার-বার ‘ভদ্রতা’ হুমকির সম্মুখীন হয়েছে!
জো রুট অবশ্য এসব ঘটনাকে লড়াইয়ের বাড়তি উপাদান হিসেবেই মনে করেন। জোনাথন ট্রটের অনুপস্থিতিতে তিন নম্বরে ব্যাট করতে নেমে ৮৭ রানের দৃঢ়তাভরা ইনিংস খেলা রুট বলেন, “আমি মনে করি না তেমন বড় কিছু ঘটেছে। প্রত্যেক ক্রিকেটারই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে চায়। আর এটা তো অ্যাশেজ। এখানে এমনটা প্রত্যাশিত।”
“মাঠের লড়াইয়ে সামান্যতম তীব্রতা না থাকলে যে কোনো ক্রিকেটার হতাশ হবেই। আমি তো মনে করি এটাই ক্রিকেটকে আরো আকর্ষণীয় করে তোলে। মাঠের মধ্যে এর সঙ্গে সংযুক্ত থাকতে পারা নিঃসন্দেহে দারুণ ব্যাপার। আপনি বুঝতে পারবেন যে আপনি একটা যুদ্ধের মধ্যে আছেন এবং আপনাকে সামনে থেকে দেশের জন্য লড়াই করতে হবে।”
অস্ট্রেলিয়ার পেসার পিটার সিডলও এ ধরনের ঘটনাকে তেমন বড় করে দেখতে রাজি নন। তিনি বলেন, “তেমন কিছু হয়নি। ক্রিকেটের ইতিহাসে আমরা যে সব ঘটনা দেখেছি তার তুলনায় এটা কিছুই নয়। এ নিয়ে যতটা কথা হচ্ছে তত বড় ঘটনা হয়নি।
“সবার জন্যই কঠিন, দীর্ঘ একটা দিন ছিল আজ। এর বেশি কিছু নয়। আমি তো সব কিছু মাঠেই ফেলে এসেছি,”
যোগ করেন অ্যাডিলেডে দুই ইনিংসেই ইংল্যান্ডের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান কেভিন পিটারসেনকে আউট করা সিডল।
কথার লড়াই যা-ই হোক, আসল লড়াইয়ে যথারীতি অস্ট্রেলিয়া এগিয়ে। প্রথম টেস্ট ৩৮১ রানের বিশাল ব্যবধানে জেতা স্বাগতিকদের সামনে দ্বিতীয় টেস্ট জয়েরও হাতছানি। সোমবার শেষ দিনে জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন চার উইকেট, আর ইংল্যান্ডের ২৮৪ রান।
