হুমকি দিয়ে শাস্তি পেলেন ক্লার্ক
খেলার মাঠে আপত্তিকর ভাষায় স্লেজিং করার দায়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ককে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। সোমবার ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা ‘আইসিসি’ এ তথ্য জানায়।
ব্রিসবেনে শেষ হওয়া অ্যাশেজের প্রথম টেস্টের চতুর্থ দিনে ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসনের উদ্দেশ্যে আপত্তিকর কথা বলেন ক্লার্ক। ঐসময় শেষ ব্যাটসম্যান হিসেবে ক্রিজে ছিলেন অ্যান্ডারসন। স্ট্যাম্প মাইক্রোফোনে অ্যান্ডারসনের উদ্দেশ্যে ক্লার্ককে বলতে শোনা যায়, প্রস্তুত হও, তোমার হাত ভাঙ্গবে।
এর কিছুক্ষণ পরেই অ্যান্ডারসনকে ফিরিয়ে দিয়ে অস্ট্রেলিয়ার ৩৮১ রানের বিশাল জয় নিশ্চিত করেন ম্যাচ সেরা পেসার মিচেল জনসন।
ক্লার্ক অকপটে দোষ স্বীকার করায় এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন নেই। তিনি শাস্তিও মেনে নিয়েছেন বলে জানিয়েছেন ম্যাচ রেফারি জেফ ক্রো।
পাঁচ টেস্টের সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। আগামী ৫ ডিসেম্বর অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট শুরু হবে।
