২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাডিলেডের ‘নিয়ন্ত্রণ’ অস্ট্রেলিয়ার

অধিনায়ক মাইকেল ক্লার্ক ও সহ-অধিনায়ক ব্র্র্যাড হ্যাডিনের শতকের সুবাদে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টের নিয়ন্ত্রণ অস্ট্রেলিয়ার হাতে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2013, 06:29 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

দ্বিতীয় দিনে ৯ উইকেটে ৫৭০ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছে স্বাগতিক দল। দিন শেষে অধিনায়ক অ্যালিস্টার কুককে হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ৩৫ রান।

শুক্রবার অ্যাডিলেড ওভালে ৫ উইকেটে ২৭৩ রান নিয়ে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। আগের দিনের অবিচ্ছিন্ন ১৬ রানের জুটিকে ২০০ পর্যন্ত নিয়ে যান ক্লার্ক ও হ্যাডিন।

প্রথম দিন ব্যক্তিগত ১৮ রানে জীবন পাওয়া ক্লার্ক এবারের অ্যাশেজে টানা দ্বিতীয় এবং টেস্ট ক্রিকেটে ২৬তম শতক করার পথে ১৪৮ রান করেন। ২৪৫ বলের অধিনায়কোচিত ইনিংসটি সাজানো ১৭টি চারে।

অভিষিক্ত বেন স্টোকসের প্রথম শিকারে পরিণত হয়ে ক্লার্ক বিদায় নেয়ার পর দলের হাল ধরেন হ্যাডিন। তাকে যোগ্য সঙ্গ দেন রায়ান হ্যারিস।

ব্রিসবেনে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬ রানের জন্য শতকবঞ্চিত হলেও এবার আর ভুল করেননি হ্যাডিন। ১৭৭ বলে ১১টি চার ও ৫টি ছক্কায় ১১৮ রান করেন তিনি। অস্ট্রেলিয়ার উইকেটরক্ষকের এটা চতুর্থ টেস্ট শতক।

হ্যাডিনের সঙ্গে ৪৬ রানের জুটি গড়া হ্যারিস অপরাজিত থেকে যান ৫৫ রানে। শেষ ব্যাটসম্যান নাথান লিয়নও কম যাননি। ১৭ রানে অপরাজিত লিয়ন শেষ উইকেটে ৪১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন হ্যারিসের সঙ্গে।

ইংল্যান্ডের পক্ষে স্টুয়ার্ট ব্রড ৯৮ রানে ৩ উইকেট নেন।

বিশাল সংগ্রহের জবাব দিতে নেমে তৃতীয় ওভারে কুককে হারিয়ে বিপদে পড়ে যায় ইংল্যান্ড। প্রতিপক্ষের অধিনায়ককে বোল্ড করেন ব্রিসবেনে অস্ট্রেলিয়ার জয়ের অন্যতম নায়ক মিচেল জনসন।

দিনের বাকি প্রায় ১৮ ওভার কোনো রকমে কাটিয়ে দলের আর ক্ষতি হতে দেননি অন্য উদ্বোধনী ব্যাটসম্যান মাইকেল কারবেরি ও জো রুট।

দিন শেষে কারবেরি ২০ ও রুট ৯ রানে অপরাজিত।


সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৫৭০/৯ ডিক্লে. (রজার্স ৭২, ওয়ার্নার ২৯, ওয়াটসন ৫১, ক্লার্ক ১৪৮, স্মিথ ৬, বেইলি ৫৩, হ্যাডিন ১১৮, জনসন ৫, সিডল ২, হ্যারিস ৫৫*, লিয়ন ১৭*; ব্র্রড ৩/৯৮, স্টোকস ২/৭০, সোয়ান ২/১৫১, অ্যান্ডারসন ১/৮৫, পানেসার ১/১৫৭)

ইংল্যান্ড প্রথম ইনিংস: ৩৫/১ (কুক ৩, কারবেরি ২০*, রুট ৯*; জনসন ১/৯)