বিশ্বকাপের 'বাছাইয়ে' বাংলাদেশের গ্রুপে আফগানিস্তান
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে ওঠার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের 'বাছাই পর্ব' হিসেবে বিবেচিত প্রথম রাউন্ডের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। ‘এ’ গ্রুপে স্বাগতিকদের অন্য দুই প্রতিপক্ষ নেপাল ও হংকং।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৬ মার্চ হবে উদ্বোধনী ম্যাচ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৮ মার্চ নেপাল এবং ২০ মার্চ হংকংয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
স্বাগতিক দেশ হয়েও 'সরাসরি' ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। প্রথম রাউন্ডের নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হলেই কেবল 'আসল' লড়াই অর্থাৎ 'সুপার টেন'-এ উঠবে মুশফিক বাহিনী।
'আসল' টুর্নামেন্ট শুরু হবে ২১ মার্চ ঢাকায় ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে।
‘বি’ গ্রুপের দল জিম্বাবুয়ে খেলবে আয়ারল্যান্ড, নেদাল্যান্ডস ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।
আইসিসির টি-টোয়েন্টির র্যাঙ্কিং অনুযায়ী শীর্ষ ৮টি দেশ সরাসরি সুপার ১০-এ খেলার সুযোগ পেয়েছে। তারা অপেক্ষায় থাকবে প্রথম রাউন্ড পার হয়ে আসা অন্য দু'টি দেশের জন্য।
শনিবার সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক বাছাই পর্বে ট্রেন্ট জনস্টনের অলরাউন্ড পারফরম্যান্সে আফগানিস্তানকে ৬৮ রানে হারিয়ে শিরোপা জিতেছে আয়ারল্যান্ড।
