মুশফিকের ভাবনায় এখন সুপার টেন
স্বাগতিক হয়েও আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘সরাসরি’ নয়, প্রথম রাউন্ডের বাধা পেরিয়ে খেলতে হবে বাংলাদেশকে। বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমের ভাবনায় তাই এখন রয়েছে ‘মূল’ প্রতিযোগিতা সুপার টেনে উঠাটা।
রোববার দুপুরে ঢাকার রূপসী বাংলা হোটেলে পুরুষ ও মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাট, সময়সূচী, ভেন্যু ও টিকেটের দাম ঘোষণা করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
এরপর এক সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, “আইসিসির নিয়ম মানতে হবে। এটা আমাদের জন্য নতুন ধরনের চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জে আমাদের জিততেই হবে। আমরা নিজেদের সেরাটা দিতে পারলে পরের রাউন্ডে যেতে কোনো সমস্যা হবে না।”
অবশ্য সুপার টেনে যাওয়ার ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী মুশফিক।
“আমাদের দলের ক্রিকেটররা এখন অনেক পরিণত। তারা ধারাবাহিকভাবে ভালো খেলছে। তাছাড়া আমরা নিজেদের মাঠে খেলবো। ভক্তদের সমর্থন নিয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার ব্যাপারে আমি আশাবাদী।”
আইসিসির টি-টোয়েন্টির র্যাঙ্কিং অনুযায়ী শীর্ষ ৮টি দেশ সরাসরি সুপার ১০-এ খেলার সুযোগ পেয়েছে। তারা অপেক্ষায় থাকবে প্রথম রাউন্ড পার হয়ে আসা অন্য দু'টি দেশের জন্য। বাংলাদেশকে সুপার টেনে যেতে হলে তাদের বাছাইপর্ব পেরিয়ে আসা দলগুলোর সঙ্গে প্রথম রাউন্ডের ম্যাচ খেলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে এই প্রথমবারের মতো স্বাগতিক দেশ মূল দলগুলোর সঙ্গে 'সরাসরি' খেলতে পারছে না। তবে মুশফিকদের সান্ত্বনা দেয়া ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসানের যেন আর কিছু করার নেই।
“ওরা কিন্তু বাছাই পর্বে খেলবে না। বাছাই পর্ব পেরিয়ে আসা দলগুলোর সঙ্গে প্রথম রাউন্ডে খেলবে।”
ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার পর চতুর্থ দেশ হিসেবে আইসিসির প্রধান চার ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। তবে বিসিবি সভাপতি স্বীকার করেছেন, আয়োজনের প্রস্তুতি একটু দেরিতে শুরু হয়েছে।
সংবাদ সম্মেলনে আইসিসির জেনারেল ম্যানেজার-কমার্শিয়াল ক্যাম্পবেল জেমিসন বলেন, “সাম্প্রতিক সময়ে ভারত, ইংল্যান্ড, শ্রীলঙ্কা নিজেদের দেশে বিশ্বকাপে সাফল্য পেয়েছে। এখন বাংলাদেশের সামনে তা করে দেখানোর সুযোগ।”
মেয়েদের ক্ষেত্রে কিন্তু কোয়ালিফাইং বা প্রথম রাউন্ডের ঝামেলা নেই। তারা সরাসরিই খেলবে অন্য নয়টি দলের সঙ্গে। আর প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন।
“নিজেদের দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ আমাদের জন্য খুশির খবর। আশা করি পুরো দেশ আমাদের সমর্থন দেবে। আর সিলেটবাসী মাঠে এসে আমাদের অনুপ্রেরণা যোগাবে।”
