২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার লিগের শিরোপা গাজী ট্যাঙ্কের

প্রাইম দোলেশ্বরকে ৬০ রানে হারিয়ে ঢাকা ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স। এবারই প্রথম লিগের শিরোপা জিতলো গত আসরের রানার্সআপরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2013, 04:37 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সুপার লিগের পঞ্চম ও শেষ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৯৫ রান করে গাজী ট্যাঙ্ক।

রিয়াজুল ইসলাম (৩৬), ইমরুল কায়েস (৪০) ও রকিবুল হাসান (২৭) গাজী ট্যাঙ্ককে ভালো সূচনা এনে দেয়।

দৃঢ় সূচনার সুবিধা কাজে লাগাতে কোনো ভুল করেননি ওয়েন মর্গান, মাহমুদুল্লাহ রিয়াদ ও রায়ান টেন ডেসকাটেরা। তাদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে শেষ ১৫ ওভারে ১৫৫ রান যোগ করে তিনশ' রানের কাছাকাছি পৌঁছায় গাজী ট্যাঙ্কের সংগ্রহ।

চতুর্থ উইকেটে মাহমুদুল্লাহর (৫১) সঙ্গে ইংল্যান্ডের মর্গানের ১০১ রানের জুটিতে গাজী ট্যাঙ্কের বড় সংগ্রহের ভিত গড়ে উঠে। অধিনায়ক মাহমুদুল্লাহর ৪৩ বলের ইনিংসটিতে ছিল ৫টি চার ও ১টি ছক্কা।

নেদারল্যান্ডসের টেন ডেসকাটের (১৮ বলে অপরাজিত ৩৫) সঙ্গে মাত্র ২৫ বলে ৪৭ রানের আরেকটি চমৎকার জুটি উপহার দেয়া ম্যাচসেরা মর্গানের ব্যাট থেকে আসে ৮৪ রান। তার ৭১ বলের ইনিংসে ছিলে ৯টি চার ও ২টি ছক্কা।

প্রাইম দোলেশ্বরের পক্ষে তাইজুল ইসলাম ২ উইকেট নেন ৭৪ রানে।

জবাবে ৪৫ ওভার ৪ বলে ২৩৫ রানে অলআউট হয়ে যায় প্রাইম দোলেশ্বর।

এক প্রান্তে মুমিনুল হক অবিচল থাকলেও ৯৫ রানে ৬ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে গাজী ট্যাঙ্ক।

সপ্তম উইকেটে মুমিনুলের সঙ্গে ফরহাদ রেজার ৭৫ রানের জুটি প্রথমবারের মতো সুপার লিগে খেলা দলটির আশা জাগিয়ে তুলে। ৯২ বলে ৮টি চারের সাহায্যে ৮৬ রান করা মুমিনুলকে বোল্ড করে বিপজ্জনক হয়ে উঠা জুটি ভাঙ্গেন মাহমুদুল্লাহ।

সোহাগ গাজীর (২২) সঙ্গে রেজার ৫৭ রানের আরেকটি ভালো জুটি আশা টিকিয়ে রাখে প্রাইম দোলেশ্বরের। দলীয় ২২৭ রানে সোহাগের বিদায়ের পর আর পেরে উঠেনি তারা।

শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া রেজার (৭৯) ৬০ বলের ইনিংসে ৯টি চার ও ২টি ছক্কা।
৩৯ রানে ৪ উইকেট নিয়ে জাইদি গাজী ট্যাঙ্কের সেরা বোলার। এছাড়া নাঈম ইসলাম জুনিয়র ৩৮ রানে ৩ উইকেট ও রুবেল হোসেন ২১ রানে ২ উইকেট নেন।

১৫ খেলায় ১১ জয়ে ২২ পয়েন্ট নিয়ে সবার ওপরে থেকে লিগ শেষ করলো গাজী ট্যাঙ্ক। সমান খেলায় পঞ্চম হারের স্বাদ পাওয়া প্রাইম দোলেশ্বরের পয়েন্ট ২০।