ইউনিসেফের আঞ্চলিক দূত টেন্ডুলকার
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর শচীন টেন্ডুলকারের হাতে এখন অখণ্ড অবসর। তবে সময়টা শুয়ে-বসে কাটিয়ে নয়, বরং মহৎ কাজে ব্যয় করতে যাচ্ছেন ব্যাটিং-কিংবদন্তি। ইউনিসেফের আঞ্চলিক দূত হয়েছেন তিনি।
ইউনিসেফের ‘টোটাল স্যানিটেশন ক্যাম্পেইন’-এর অংশ হিসেবে দায়িত্ব পালন করবেন টেন্ডুলকার। তার কাজের পরিধি ভারত ছাড়াও বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কায় বিস্তৃত হবে।
ভারতের দৈনিক ‘মিড ডে’ জানিয়েছে, বৃহস্পতিবার এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।
আগেও একবার ইউনিসেফের হয়ে কাজ করেছিলেন টেস্ট-ওয়ানডে দুটোরই সবচেয়ে বেশি রান ও শতকের মালিক। ২০০৮ সালে ভারতীয় শিশুদের পরিচ্ছন্ন ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে ‘বিশ্ব হাত ধোয়া’ দিবসের কার্যক্রমে অংশ নেন টেন্ডুলকার।
অবসর নেয়ার পরদিন এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে জনসচেতনতামূলক কাজে অংশ নেয়ার কথা জানিয়েছিলেন ক্রিকেটের ‘মহানায়ক’। সেটা যে শুধুই কথার কথা নয়, তা প্রমাণ করতে একদমই সময় নিচ্ছেন না ইতিহাসের সফলতম ব্যাটসম্যান।
