পাকিস্তানের জয়ের নায়ক দুই নবাগত
দুই অভিষিক্ত আনওয়ার আলী ও বিলাওয়াল ভাট্টির অলরাউন্ড নৈপুণ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে দক্ষিণ আফ্রিকাকে ২৩ রানে হারিয়েছে পাকিস্তান।
রোববার কেপ টাউনের নিউল্যান্ডসে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২১৮ রান করে পাকিস্তান।
নাসির জামশেদের (২৪) সঙ্গে আহমেদ শেহজাদ (৩৫) ৪৯ রানের উদ্বোধনী জুটি গড়লেও ১৩১ রানে সপ্তম উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে যায় অতিথি দল।
তবে অষ্টম উইকেটে বিলাওয়াল ও আনওয়ারের ৭০ বলে ৭৪ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। বিলাওয়াল ২৫ বলে ৩৯ রান করে আউট হয়ে গেলেও আনওয়ার অপরাজিত থেকে যান ৪৩ রানে।
ডেল স্টেইন ও মর্নে মরকেল তিনটি করে এবং প্রায় পৌনে দুই বছর পর ওয়ানডে খেলতে নামা জ্যাক ক্যালিস দুই উইকেট নেন।
পরে ব্যাট হাতেও সফল ক্যালিস। কিন্তু তিনি ৫০ ও জেপি ডুমিনি ৪৯ রান করলেও অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতায়
৪৮ ওভার ১ বলে ১৯৫ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
ব্যাটিংয়ের মতো বোলিংয়েও সফল বিলাওয়াল ও আনওয়ার। বিলাওয়াল ৩৭ রানে নেন ৩ উইকেট। ২৪ রানে আনওয়ারের শিকার ২ উইকেট।
বুধবার পোর্ট এলিজাবেথে দ্বিতীয় ওয়ানডে।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ৫০ ওভারে ২১৮/৯ (জামশেদ ২৪, শেহজাদ ৩৫, হাফিজ ৫, মাকসুদ ২২, মিসবাহ ১৩, উমর ০, আফ্রিদি ২৬, বিলাওয়াল ৩৯, আনওয়ার ৪৩*, আজমল ৩, জুনায়েদ ০*; স্টেইন ৩/৩৩, মরকেল ৩/৩৯, ক্যালিস ২/৫৩, ফিল্যান্ডার ১/৩৭)
দক্ষিণ আফ্রিকা: ৪৮.১ ওভারে ১৯৫ (স্মিথ ১২, আমলা ৩, ডি কক ১৯, ক্যালিস ৫০, ডি ভিলিয়ার্স ১০, ডুমিনি ৪৯, মিলার ৪, ফিল্যান্ডার ১৪, স্টেইন ১৫, মরকেল ১৭, তাহির ০*; বিলাওয়াল ৩/৩৭, আনওয়ার ২/২৪, আজমল ২/২৮, হাফিজ ১/৩৪, আফ্রিদি ১/৩৪, জুনায়েদ ১/৩৮)
ম্যাচ সেরা: আনওয়ার আলী।
