২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জনসনের তোপে প্রথম টেস্ট অস্ট্রেলিয়ার

মিচেল জনসনের তোপে চারদিনেই ব্রিসবেন টেস্ট জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। রোববার ৩৮১ রানে ইংল্যান্ডকে হারিয়ে নয় ম্যাচ পর জয়ের মুখ দেখলো স্বাগতিকরা। সেই সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে অ্যাশেজ পুনরুদ্ধারের পথে এগিয়ে গেল ক্লার্ক বাহিনী।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2013, 03:14 PM

Updated : 13 Oct 2022, 03:04 PM

পুরনো খবর:

প্রথম টেস্টে জয় দেখছে অস্ট্রেলিয়া
অ্যাশেজে ছাইচাপা উত্তাপ

প্রথম ইনিংসের ব্যর্থতায় ইংল্যান্ডের ম্যাচ বাঁচানোটাই কঠিন ছিল। তার উপর অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্ক ও ডেভিড ওয়ার্নারের শতকে রানের পাহাড়ে চাপা পড়ে তারা।

চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড (৬৫৪/৫) নিজেদের বলে একটু আশাও হয়তো ছিল অতিথিদের। তবে ৫৬১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় দিনই ২৪ রানে ২ উইকেট হারিয়ে ফেলায় সেটি প্রায় অসম্ভবই হয়ে যায়।

প্রথম টেস্ট বাঁচাতে ভালো ব্যাটিংয়ের পাশাপাশি বৃষ্টির সহায়তাও প্রয়োজন ছিল সর্বশেষ তিন সিরিজে জেতা ইংল্যান্ডের। চতুর্থ দিন দুই দফা বৃষ্টিতে ৯০ ও ৪৫ মিনিট খেলা বন্ধ থাকার পরও খেলা পঞ্চম দিনে নিতে পারেনি অতিথিরা।

Image
ইংল্যান্ড অধিনায়ক কুককে আউট করে সতীর্থদের সঙ্গে নাথান লিয়নের উদযাপন।

ইংল্যান্ড অধিনায়ক কুককে আউট করে সতীর্থদের সঙ্গে নাথান লিয়নের উদযাপন।

জয়ের জন্য শেষ দু’দিনে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৫৩৭ রান। শততম টেস্ট খেলা কেভিন পিটারসেনের (২৬) সঙ্গে ৬২ ও ইয়ান বেলের (৩২) সঙ্গে ৫৮ রানের দুটি জুটি গড়ে প্রতিরোধের চেষ্টা করেছিলেন অ্যালিস্টার কুক। নাথান লিয়নের বল কাট করতে গিয়ে ব্র্যাড হ্যাডিনের হাতে কুক (৬৫) ক্যাচ দিয়ে ফেরার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৭৯ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড।

দলীয় ১৩০ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে বেলের বিদায়ের পর শেষ ৬ উইকেটে ৫০ রানও করতে পারেনি অতিথিরা।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও অতিথিদের মূল ‘হন্তারক’ বাঁহাতি পেসার জনসন। ৪২ রানে ৫ উইকেট নিয়ে তিনিই দলের সেরা বোলার। এ নিয়ে টেস্টে অষ্টমবারের মতো ইনিংসে পাঁচ উইকেট নিলেন তিনি। প্রথম ইনিংসে ৬১ রানে নিয়েছিলেন ৪ উইকেট। পাশাপাশি ৬৪ ও অপরাজিত ৩৯ রানের চমৎকার অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচের সেরা খেলোয়াড় তিনিই। অথচ জ্যাকসন বার্ড বা জেমস প্যাটিসনরা চোটে না পড়লে খেলারই কথা ছিল না ২০১০/১১ মৌসুমে দেশের মাটিতে সর্বশেষ অ্যাশেজ সিরিজে অনুজ্জ্বল জনসনের।

সর্বশেষ নয় টেস্টের সাতটিতেই হারা অস্ট্রেলিয়ার জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল গ্যাবা নামেই বেশি পরিচিত ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ড। পয়মন্ত মাঠ হতাশ করেনি মাইকেল ক্লার্কের দলকে। ১৯৮৬ সালের পর থেকে এই মাঠে না হারা স্বাগতিকদের রেকর্ড আরেকটু উজ্জ্বল হল।

অ্যাশেজে আট টেস্ট পর জয়ের মুখ দেখল এক সময় ক্রিকেট বিশ্বকে শাসন করা অস্ট্রেলিয়া। ২০১০ সালে পার্থ টেস্টে সর্বশেষ ক্রিকেটের সবচেয়ে পুরনো প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছিল তারা। আর ভারতের কাছে ৪-০ এবং ইংল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হারার পর অস্ট্রেলিয়ার এটাই প্রথম জয়।

অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ৫ ডিসেম্বর।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ২৯৫ (হ্যাডিন ৯৪, জনসন ৬৪, ওয়ার্নার ৪৯; ব্রড ৬/৮১) ও ৪০১/৭ ডিক্লে. (ওয়ার্নার ১২৪, ক্লার্ক ১১৩, হ্যাডিন ৫৩; ট্রেমলেট ৩/৬৯)

ইংল্যান্ড: ১৩৬ (কারবেরি ৪০, ব্রড ৩২; জনসন ৪/৬১, হ্যারিস ৩/২৮) ও ১৭৯ (কুক ৬৫, কারবেরি ০, ট্রট ৯, পিটারসেন ২৬, বেল ৩২, জো রুট ২৬*, প্রায়র ৪, ব্রড ৪, সোয়ান ০, ট্রেমলেট ৭, অ্যান্ডারসন ২; জনসন ৫/৪২, লিয়ন ২/৪৬, হ্যারিস ২/৪৯, সিডল ১/২৫)

ম্যাচসেরা: মিচেল জনসন।